
বাতাস অনুকূলে থাকলে মাত্র ৪৭ সেকেন্ড লাগে; নইলে ২ মিনিট। পথটা তো মাত্র ২ দশমিক ৭ কিলোমিটার। জায়গাটা স্কটল্যান্ডের অর্কেনি আইল্যান্ডসে। সেখানকার ওয়েস্ট্রে দ্বীপ থেকে পাপা ওয়েস্ট্রে দ্বীপ পর্যন্ত উড়ে যাওয়া যায়। আর এটাই বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত আকাশপথ, যেখান দিয়ে যাত্রী নিয়ে নিয়মিত বিমান চলে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসধারী সংক্ষিপ্ততম এই বিমানপথ মোটেও নতুন নয়। তবে এখন খবরটা দেওয়ার একটা কারণ নিশ্চয়ই আছে। আর সেটা হলো, স্কটল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে মূল ভূখণ্ড থেকে দূরের এ দুটি দ্বীপের মধ্যবর্তী বিমানপথে যাত্রীসংখ্যা গত সোমবার ১০ লাখ পূর্ণ হয়েছে।
ব্রিটেন-নরম্যান আইল্যান্ডার নামের আকাশযান ওই পথে চলাচল করে। এটি খুবই হালকা, মাত্র আট আসনের ছোট্ট বিমান। অর্কেনির প্রধান শহর কার্কওয়াল থেকে ছেড়ে গিয়ে উড়োজাহাজটি দ্বীপপুঞ্জ থেকে কিছুটা দূর অবধি যায়। স্কটল্যান্ডের আঞ্চলিক বিমান সংস্থা লোগ্যানএয়ার ১৯৬৭ সাল থেকে এই আকাশপথে উড়োজাহাজ চালায়। তারা নিজেদের ১০ লক্ষতম যাত্রী হিসেবে সোমবার বিশেষ সম্মান ও ফুলের শুভেচ্ছা দিয়েছে অ্যান রেনড্যালকে।
রেনড্যাল কাজ করেন রয়েল ব্যাংক অব স্কটল্যান্ডে। তিনি ওয়েস্ট্রে-পাপা ওয়েস্ট্রে পথে বিমানে ১০ হাজারের বেশিবার চড়েছেন। দ্বীপের লোকজনের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। ব্যাংকিং-সংক্রান্ত যাবতীয় সাহায্য তিনি করেন দ্বীপবাসীদের।
লোগ্যানএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জোনাথান হিনকলেস বলেন, ‘আমাদের এই বিমানপথ সারা বিশ্বে পরিচিত। সুখ্যাতি বাদ দিলেও এটাকে অর্কেনির লোকজনের জন্য অপরিহার্য যোগাযোগব্যবস্থা হিসেবে গুরুত্ব দিতে হয়। শিক্ষক, চিকিৎসক, পুলিশ সদস্য, ছাত্রছাত্রী—সবাই এ পথে চলাচল করেন। এটা তাঁদের জীবনকে সহজ ও সুন্দর করে দিয়েছে।’