১০ হাজারের বেশি আইএস সদস্য হত্যা করার দাবি
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। গত বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই জোটের এক বৈঠকের পর মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ কথা জানান। প্রায় নয় মাস আগে আন্তর্জাতিক ওই জোটের অভিযান শুরু হয়। খবর এএফপি ও রয়টার্সের।
আইএসবিরোধী লড়াইয়ে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে ফ্রান্সের ইন্টার রেডিওর কাছে দাবি করেন অ্যান্টনি ব্লিনকেন। তবে তিনি এও বলেন যে জঙ্গি গোষ্ঠীটি দ্রুত ক্ষতি পুষিয়ে নিচ্ছে এবং লড়াই অব্যাহত রাখছে।
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর টানা কয়েক মাসের বিমান হামলার পরও আইএসের যুদ্ধ সক্ষমতায় বড় ধরনের ক্ষতির প্রমাণ দৃশ্যমান নয়। এ কারণে ওই অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।
এমন প্রেক্ষাপটে মার্কিন নেতৃত্বাধীন জোটের ওয়াশিংটনের দূত জেনারেল জন অ্যালেন বুধবার বলেন, আইএসের আদর্শকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে।
কাতারের দোহায় ইউএস-ইসলামিক ওয়ার্ল্ড ফোরামে বক্তব্য দেওয়ার সময় জন অ্যালেন বলেন, ‘মানুষের ইতিহাসে এখন এমন একসময় যখন আমাদের আন্তযোগাযোগ অনেক বেশি। এ সময় আইএস বা দায়েশ বিশ্ব হুমকি। এই জঙ্গিদের আদর্শকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে। এমনকি একটি প্রজন্ম লেগে যেতে পারে। তবে এদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আমাদের।’
আইএস জঙ্গিরা তাদের ভাষায় ইসলামি খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সিরিয়া ও ইরাকের বিশাল অংশ নিজেদের দখলে নিয়েছে। আরও নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণের লক্ষ্যে লড়াই করছে। বিভিন্ন স্থান দখল করার পর বিজিত প্রতিপক্ষ ও সেখানকার স্থানীয় মানুষের প্রতি নির্মম আচরণের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে জেনারেল জন অ্যালেন বলেন, ‘আইএস যে ধরনের দুষ্কর্ম করছে, যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে, এমন নিষ্ঠুরতা আমি কখনো দেখিনি। এদের সংঘবদ্ধভাবে রুখতে হবে। আমরা ইতিমধ্যে তাদের সম্পদ জব্দ করতে ও আন্তর্জাতিক অর্থব্যবস্থা বন্ধ করতে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করছি।’
অন্যদিকে, আইএস জঙ্গিদের দমনে বাগদাদকে মিত্ররা তেমন সহায়তা করেনি—ইরাকি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর মঙ্গলবার দেশটিতে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আরব দেশগুলোর বাহিনী। সম্প্রতি আইএসের দখল থেকে বিভিন্ন এলাকা মুক্ত করতে ইরাক সরকার যে পরিকল্পনা করেছে, তা কার্যকরে সহযোগিতা দিতেই এসব হামলা চালানো হয়।