১১ বছর পর ফিরে পেলেন হারানো ‘দাঁত’
২০১১ সালের কথা। স্পেনের জনপ্রিয় একটি রিসোর্টে বেড়াতে গিয়ে নিজের নকল দাঁতের পাটি হারিয়ে ফেলেছিলেন যুক্তরাজ্যের নাগরিক পল বিশপ।
নকল দাঁতের পাটি হারানোর পর ১১টি বছর কেটে যায়। সম্প্রতি যুক্তরাজ্যে পল বিশপের বাড়ির ঠিকানায় সেই নকল দাঁতের পাটি ফেরত পাঠিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। বিবিসির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৬৩ বছর বয়সী পল বিশপ ২০১১ সালে স্পেনের বিখ্যাত বেনিডর্ম রিসোর্ট এলাকায় রাতে ঘুরতে বেরিয়েছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। একটি বিনে বমি পর্যন্ত করেন। মূলত তখনই নকল দাঁতের পাটি হারান পল বিশপ।
বিবিসিকে পল বিশপ বলেন, ‘আমরা যখন পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম, তখন এক বন্ধু আমার দিকে ঘুরে তাকাল। আমার নকল দাঁতের বিষয়ে জানতে চাইল।’
পরে তিনি ও তাঁর বন্ধু মিলে সেই নকল দাঁতের সন্ধানে অনেক খুঁজেছেন। কিন্তু পাননি।
ঘটনার ১১ বছর পর বিস্ময়করভাবে সম্প্রতি ইংল্যান্ডের ম্যানচেস্টারের কাছের স্টালিব্রিজের নিজ বাড়িতে বসে নকল দাঁতের সেই হারানো পাটি ফিরে পান পল বিশপ।
পল বিশপ জানান, আবর্জনার মধ্যে এই নকল দাঁতের পাটি খুঁজে পায় স্পেনের কর্তৃপক্ষ।
পরে স্প্যানিশ কর্তৃপক্ষ ব্রিটিশ রেকর্ড ঘেঁটে তাঁর ডিএনএর পাশাপাশি যুক্তরাজ্যের ঠিকানা খুঁজে পায়। সেই ঠিকানায় তারা দাঁত পাঠিয়ে দেয়।
১১ বছর আগে হারিয়ে ফেলা নকল দাঁতের পাটি ফিরে পাওয়ার ঘটনায় বিস্মিত হয়েছেন পল বিশপ। তিনি এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন।