১১৩তম জন্মদিন উদ্‌যাপন করা হলো না গার্সিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্সিয়ার বয়স হয়েছিল ১১২ বছর ৩৪১ দিন
ছবি: টুইটার থেকে নেওয়া

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি (পুরুষ) মারা গেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্প্যানিয়ার্ড সাটুরনিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া নামের ওই ব্যক্তির মৃত্যুর কথা আজ বুধবার জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

গার্সিয়ার বয়স হয়েছিল ১১২ বছর ৩৪১ দিন।

লন্ডনভিত্তিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, গার্সিয়ার বয়স যখন ১১২ বছর ২১১ দিন, তখন তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি (পুরুষ) হিসেবে স্বীকৃতি পান।

আগামী মাসে গার্সিয়ার ১১৩তম জন্মদিন উদ্‌যাপন করার কথা ছিল।

১৯০৯ সালের ১১ ফেব্রুয়ারি স্পেনের লিওনের পুয়েন্তে কাস্ত্রোতে গার্সিয়ার জন্ম। তাঁর উচ্চতা ছিল ৪ ফুট ৯ ইঞ্চি।

উচ্চতা কম হওয়ার কারণে ১৯৩৬ সালে স্পেনে শুরু হওয়া গৃহযুদ্ধে অংশ নেওয়ার জন্য যে খসড়া তালিকা হয়, তাতে গার্সিয়া নাম লেখাননি। এর বদলে তিনি জুতার ব্যবসা শুরু করেন। ব্যবসা করে সফলতাও পান।

গার্সিয়া সাত সন্তানের জনক ছিলেন। তাঁর নাতি-নাতনি ১৪ জন। তাঁর নাতি-নাতনিদের সন্তান ২২ জন।

গিনেস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ডটি ফ্রান্সের জ্যাঁ লুইস কালমেন্তের। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান। ১৮৭৫ সালের ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন তিনি।