সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে তুরস্কের বিভিন্ন এলাকায় গতকাল বুধবার সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এর আওতায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১২ জন সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার হয়েছে। দেশটিতে একের পর এক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এ গ্রেপ্তারের ঘটনা ঘটল। খবর এএফপির।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়ার খবরে বলা হয়, পুলিশ রাজধানী আঙ্কারার পাশাপাশি দেশটির সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল, সিরিয়া সীমান্তবর্তী হাতাই প্রদেশ ও কেন্দ্রীয় আনাতোলীয় প্রদেশের কিরিক্কালে সমন্বিত অভিযান চালিয়ে ওই জঙ্গিদের গ্রেপ্তার করেছে। পুলিশ আরও চারজন জঙ্গির খোঁজে নেমেছে।
তুর্কি কর্তৃপক্ষ গত মঙ্গলবার নারী, শিশুসহ ২৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তারের ঘোষণা দেয়। তারা আইএসে যোগ দিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর কিলিস হয়ে সিরিয়ায় প্রবেশের চেষ্টা করছিল বলে কর্তৃপক্ষের দাবি। সন্দেহভাজন এসব জঙ্গি চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া ও ইউক্রেনের নাগরিক বলে আনাতোলিয়ার খবরে জানানো হয়।
তুরস্কে সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলার পেছনে জঙ্গিগোষ্ঠী আইএসের পাশাপাশি দেশটির কুর্দি বিদ্রোহীরা দায়ী বলে মনে করা হয়। তুরস্ক সরকার এর জবাবে আইএস ও বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। পাশাপাশি দেশজুড়ে ধরপাকড় চালাচ্ছে। গত সপ্তাহে সরকারি কর্তৃপক্ষ জানায়, গত মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ১ হাজার ৩০০-এর বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানের লক্ষ্যবস্তু ছিল পিকেকে, আইএস এবং মার্ক্সবাদী একটি সংগঠনের কর্মীরা। তবে গ্রেপ্তার হওয়া বেশির ভাগ ব্যক্তিই পিকেকের সদস্য বলে জানা গেছে।
দুই সেনা নিহত: দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকির প্রদেশে সেনাবাহিনীর একটি ফাঁড়িতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের অতর্কিত হামলায় অন্তত দুই সেনা ও পিকেকের এক সদস্য নিহত হয়েছে। এ ছাড়া আরও চার সেনাসদস্য ও স্থানীয় একজন নিরাপত্তাকর্মী আহত হয়। গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্নতাবাদীরা সেনা ফাঁড়িটি লক্ষ্য করে রকেটচালিত গ্রেনেড হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে অনেকক্ষণ ধরে গোলাগুলি চলে। এ সময় হতাহতের ওই ঘটনা ঘটে।