১২ ধরনের টিকা বাধ্যতামূলক করল ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য ইতালি শিশুদের ১২ ধরনের সাধারণ অসুখ-বিসুখের টিকা দেওয়া বাধ্যতামূলক করেছে। দেশটিতে শিশুদের মধ্যে হামের প্রকোপ অনেক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা এল। ইতালিতে ২০১৬ সালে যত শিশুর হাম হয়েছে, এ বছরের পাঁচ মাসেই প্রায় তার তিন গুণ শিশু এতে আক্রান্ত হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তোলিনি ‘অবৈজ্ঞানিক প্রচারণাকে’ টিকা দেওয়ার হার কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
সরকার বলেছে, ৬ বছর বয়সের মধ্যে টিকা দেওয়া না হলে বাবা-মায়ের জরিমানা করা হবে। ইতালিতে শিশুদের স্কুলে ভর্তি হওয়ার বয়স ৬।
কয়েকটি টিকার কথিত স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে ভিত্তিহীন প্রচারণার কারণে বিশ্বের অনেক স্থানে টিকা নিয়ে ভুল ধারণা ছড়িয়েছে। মূলত একটি সমালোচিত গবেষণায় ওই ধারণা দেওয়া হয়েছে। এতে ইতালির কোনো কোনো অভিভাবক টিকা দিতে ভয় পাচ্ছেন। ইউরোপের উন্নত দেশটিতে ২ বছর বয়সী শিশুদের মধ্যে হামের টিকা দেওয়ার হার ৯০ শতাংশের বেশি থেকে কমে ৮০ শতাংশের নিচে নেমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ (৯৫ শতাংশ বা বেশি) থেকে তা অনেক কম।
হাম খুবই ছোঁয়াচে। ঠিকমতো চিকিৎসা না হলে এতে শিশুর মৃত্যুও হতে পারে।