১২০০ কোটি ইউরো চেয়ে নতুন প্রস্তাব গ্রিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক সংকট মোচন এবং ইউরো জোন থেকে বিদায় ঠেকাতে গ্রিস আগামী দুই বছরে ১২০০ কোটি ইউরো পাওয়ার প্রস্তাব দিয়ে নতুন সংস্কার প্রস্তাব তৈরি করেছে। গতকাল বৃহস্পতিবারই ছিল আর্থিক পুনরুদ্ধার কর্মসূচির নতুন প্রস্তাব দেওয়ার শেষ দিন। এই প্রেক্ষাপটে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস গতকাল বলেন, ‘পরবর্তী সময়গুলো খুব কঠিন হবে।’ খবর বিবিসি ও এএফপির।
গ্রিক ভাষার দৈনিক কাথিমেরিনি গতকাল নতুন প্রস্তাবটির খবর দিয়ে জানায়, ১২০০ কোটি ইউরো পাওয়ার এই প্রস্তাবে যে পরিমাণ অর্থ চাওয়া হচ্ছে, তা আগের চেয়ে বেশি। প্রস্তাবটি আগামীকাল শনিবার ইউরো জোনের অর্থমন্ত্রীদের বৈঠকে উঠবে। পরের দিন তা তুলে ধরা হবে ইইউর পূর্ণাঙ্গ সম্মেলনে। কাথিমেরিনির প্রতিবেদনে বলা হয়, ‘গ্রিসের আগের দেওয়া ৮০০ কোটি ডলারের প্রস্তাব আগামী দুই বছরে ২০০ কোটি ডলার করে বাড়বে। এর ফলে দুই বছরে মোট অর্থের পরিমাণ দাঁড়াবে ১২০০ কোটি ডলার।’
আরেকটি দৈনিক নাফতেমপরিকি বলেছে, গ্রিসের দেওয়া প্রস্তাবে বিভিন্ন খাতে কর বাড়ানোর প্রতিশ্রুতি আছে। করপোরেট করের পরিমাণ ২৬ শতাংশ থেকে ২৮ শতাংশে, বিলাসদ্রব্যের মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ থেকে ১৩ শতাংশে বাড়ানোর প্রস্তাব থাকছে। এ ছাড়া খাদ্যসামগ্রী, রেস্তোরাঁ, পরিবহন ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় ভ্যাটের পরিমাণ ১৩ শতাংশ থেকে ২৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব আছে।