১৫ সেকেন্ডের ক্লিক-ক্লিক আতঙ্ক
অ্যামি ও তাঁর স্বামী জো ট্রেনে অনেকটা আয়েশি ভঙ্গিতে বসেছিলেন। হঠাৎ করে পাশের জানালায় গুলি এসে লাগে। ভেঙে চুরমার হয়ে যায় জানালার কাচ। ঝুরা কাচ এসে বৃষ্টির মতো পড়ে মাথার ওপর। খবর এএফপির।
পাশেই ছিলেন ডেমিয়েন নামের আরেক যাত্রী। তিনি পত্রিকা পড়ছিলেন। হঠাৎ করে ক্লিক-ক্লিক শব্দ শোনেন। প্রথমে ভাবেন, ট্রেনের কোনো শিশুযাত্রীর খেলনা। পরে দেখেন, এটি সত্যিকারের আগ্নেয়াস্ত্র থেকে বেরোচ্ছে। ভয়াবহতা টের পেয়ে ভয়ে জমে যান তিনি।
নেদারল্যান্ডস থেকে ফ্রান্সের প্যারিসের দিকে যাচ্ছিল ট্রেনটি। এ সময় সেখানে হামলার ঘটনা ঘটে। গুলিতে আহত হন দুজন। এর মধ্যে একজন মার্কিন সেনা রয়েছেন। হামলাকারীকে ঠেকান তাঁরা। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডেমিয়েন বলেন, ১৫ সেকেন্ডের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যায়। হামলাকারী বন্দুকধারী নির্বিচারে গুলি ছুড়ছিল। এ সময় তাঁকে পাকড়াও করা হয়। পুরো ঘটনাটিই যেন সিনেমা।
লরা নামের ট্রেনের আরেক যাত্রী বলেন, তিনি দেখেছেন ট্রেন থেকে এক নারী চিৎকার করে বের হয়ে আসছেন। তিনি চিকিৎসক খুঁজছিলেন। বলছিলেন ট্রেনের ভেতরে একজন গুলিতে আহত হয়েছেন।