আল্পসে বিধ্বস্ত জার্মান বিমান, ১৫০ আরোহীর সবাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধ্বস্ত উড়োজাহাজের খোঁজে গতকাল আল্পস পর্বতমালার ওপর চক্কর দিচ্ছে ফ্রান্সের উদ্ধারকারী বাহিনীর একটি হেলিকপ্টার। আল্পসের ওই অঞ্চলে দেড় শ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় জার্মানির উড়োজাহাজটি l ছবি: রয়টার্স
বিধ্বস্ত উড়োজাহাজের খোঁজে গতকাল আল্পস পর্বতমালার ওপর চক্কর দিচ্ছে ফ্রান্সের উদ্ধারকারী বাহিনীর একটি হেলিকপ্টার। আল্পসের ওই অঞ্চলে দেড় শ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় জার্মানির উড়োজাহাজটি l ছবি: রয়টার্স

জার্মানির একটি যাত্রীবাহী উড়োজাহাজ গতকাল মঙ্গলবার আল্পস পর্বতমালার ফরাসি অংশের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটির ১৫০ আরোহীর সবাই নিহত হয়েছেন। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র উদ্ধারকাজে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে।
জার্মানউইংসের এ-৩২০ এয়ারবাসটি স্পেনের উপকূলীয় শহর বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ শহরে যাচ্ছিল। জার্মানউইংস হচ্ছে জার্মানির বিমান সংস্থা লুফথানসার সহযোগী সংস্থা, যারা কম খরচে যাত্রী পরিবহন করে থাকে।
জার্মানউইংস এক বিবৃতিতে বলেছে, কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা তারা এখনই বলতে পারছে না। তবে কারণ অনুসন্ধানে তারা সবকিছু করবে। আরোহীদের মধ্যে ৬৭ জন জার্মান এবং ৪৫ জনের মতো স্প্যানিশ ছিলেন। উড়োজাহাজে জার্মানির একটি বিদ্যালয়ের ১৬ জন শিশুশিক্ষার্থী এবং তাদের দুই শিক্ষকও ছিলেন।
ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জার্মানউইংসের কর্মকর্তারা জানিয়েছেন, ৪ইউ ৯৫২৫ ফ্লাইটটিতে ১৪৪ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। গতকাল স্থানীয় সময় পৌনে ১১টার দিকে উড়োজাহাজটি থেকে বিপৎসংকেত পাঠানো হয়। এ সময় উড়োজাহাজটি ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বার্সালোনেত্তি এলাকায় ছিল।

ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভালস জানান, আরোহীদের কেউ বেঁচে নেই। কর্তৃপক্ষ এই দুর্ঘটনার ‘কোনো তত্ত্বই নাকচ করতে পারে না’ বলে উল্লেখ করেন তিনি।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনেউভ জানান, উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। শিগগিরই তা তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হবে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও বলেছেন, ‘এটা ট্র্যাজেডি। এর কারণ খুঁজে বের করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি বলেন, উড়োজাহাজে জার্মানি, স্পেন ও সম্ভবত তুরস্কের নাগরিকেরা ছিলেন।

ফ্রান্সের মাটিতে ২০০০ সালের পর এটাই প্রথম বিমান দুর্ঘটনা। ওই বছরের জুলাইয়ে প্যারিসের বাইরে এয়ার ফ্রান্স কনকর্ড বিধ্বস্ত হয়ে ১১৩ জন নিহত হন।

ম্যার্কেল শোকাহত: উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর শুনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শোকাহত হয়েছেন। তাঁর মুখপাত্র স্টিফেন সেইবার্ট নামের ওই মুখপাত্র জানান, চ্যান্সেলর বিষয়টি নিয়ে এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ এবং স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। আজ বুধবার তিনি দুর্ঘটনাস্থলে যাবেন।

স্পেনের প্রধানমন্ত্রীর শোক: স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এক টুইটার বার্তায় বলেছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবরে তিনি শোকাহত। আজ বুধবার তাঁর দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা।

সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বার্নাডেট মেহান জানান, জার্মানি, ফ্রান্স ও স্পেনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্ধারকাজে সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই দুর্ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততার কোনো ইঙ্গিত মেলেনি।’