২০ জনের গ্রাম বিক্রি হলো কোটি টাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্লিন থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে গ্রামটির অবস্থান। ছবি: এএফপি
বার্লিন থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে গ্রামটির অবস্থান। ছবি: এএফপি

গ্রামটি বেশ এলোমেলো। ভাঙাচোরা নানা কিছু বিভিন্ন দিকে ছড়ানো-ছিটানো। খুব একটা পরিচ্ছন্নও নয়। আলবিনে নামের জার্মানির এ গ্রামটিই গতকাল শনিবার ওঠে নিলামে। তাতে ১ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হয় গ্রামটি।

এএফপির খবরে বলা হয়েছে, এই গ্রামের জনসংখ্যা মাত্র ২০ জন। কমিউনিস্ট শাসনের অবসানের পর থেকেই তৎকালীন পূর্ব জার্মানির এই গ্রামটির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। বর্তমানে গ্রামটির বেশির ভাগ ঘরবাড়ি খালি পড়ে আছে। বার্লিন থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে গ্রামটির অবস্থান।

নিলামে অংশ নেওয়া অজ্ঞাত এক ব্যক্তি আলবিনে গ্রামটি কিনেছেন। তিনি টেলিফোনের মাধ্যমে নিলামে অংশ নেন। নিলামে গ্রামের প্রাথমিক দাম ধরা হয়েছিল ১ লাখ ২৫ হাজার ইউরো। পরে তা ১ লাখ ৪০ হাজারে ওঠে (প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা)।

২০০০ সালেও এক দফা বিক্রি হয়েছিল ১৬ হাজার বর্গমিটার আয়তনের গ্রাম আলবিনে। ‘সিম্বোলিক ডয়েচমার্ক’ নামের একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওই সময় গ্রামটি কিনেছিল। প্রতিষ্ঠানটি এখন মনে করছে, এই গ্রামের উন্নয়নের কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়।

আলবিনে গ্রামের ব্র্যান্ডেনবার্গ এলাকায় যে ২০ জন এখন বাস করেন, তাঁদের বেশির ভাগই অবসরপ্রাপ্ত ব্যক্তি। নতুন করে নিলামে গ্রাম বিক্রি হওয়ায় এলাকার উন্নয়ন হবে বলে আশা করছেন তাঁরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নেতা হিটলারের তরুণ সেনারা আলবিনে শহরের কাছাকাছি এলাকায় প্রশিক্ষণ নিত। এ ছাড়া যুদ্ধবন্দীদেরও সেখানেই রাখা হতো। বিশ্বযুদ্ধ শেষ হলে এই গ্রাম পূর্ব জার্মানির অংশ হয়।

১৯৯০ সালে জার্মানির একত্রীকরণের আগ পর্যন্ত আলবিনে শহরে অধিবাসী ছিল ৫০ জন। তখন তারা মূলত কাজ করত কাছাকাছি একটি কারখানায়। কিন্তু ১৯৯১ সালে তা বন্ধ হয়ে গেলে গ্রামে বসবাসকারীর সংখ্যাও কমে আসে।