২০১৪ সালের পর ইউরোপে যত সন্ত্রাসী হামলা

ফ্রান্সের নিস শহরে বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের এক অনুষ্ঠানে ট্রাক হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, হামলাকারী মোহাম্মদ লাউয়েজ বোহলেল তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
এদিকে ২০১৪ সালের পর গত আড়াই বছরে ইউরোপে সন্ত্রাসীরা যেসব প্রাণঘাতী হামলা চালিয়েছে, তার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।
২৪ মে, ২০১৪
বেলজিয়ামের ব্রাসেলসের এক জাদুঘরে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হন। হামলাকারী ছিলেন ফরাসি নাগরিক মেহেদি নিমওউচ, যাকে পরবর্তী সময়ে ফ্রান্সের মার্সেই থেকে গ্রেপ্তার করা হয়।
৭-৯ জানুয়ারি, ২০১৫
৭ জানুয়ারি দুই ইসলামি জঙ্গি সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদো অফিসে ঢুকে ১৭ জনকে হত্যা করে। আরেক জঙ্গি পরদিন একজন নারী পুলিশকে হত্যা করে ৯ জানুয়ারি একটি সুপারমার্কেটের মানুষকে জিম্মি করে। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সে চারজনকে হত্যা করে।
১০ অক্টোবর, ২০১৫
তুরস্কের আঙ্কারায় প্রধান রেলস্টেশনের কাছে ও একটি দলের সমাবেশে পৃথক দুটি বোমা হামলায় ১০২ জনের মৃত্যু হয়। বোমা হামলাকারীরা আইএসের দক্ষিণ-পূর্ব সেলের সদস্য বলে দাবি করে তুরস্ক।
১৩ নভেম্বর, ২০১৫
প্যারিসে বিনোদন কেন্দ্রে বন্দুকের গুলি এবং বোমা হামলায় ১৩০ জন মারা যান। আইএস এ হামলার জন্য দায় স্বীকার করে। ১০ হামলাকারীর মধ্যে দুই বেলজিয়ান ও তিনজন ফরাসি নাগরিক ছিল।
১২ জানুয়ারি, ২০১৬
আইএসের এক আত্মঘাতী বোমা হামলাকারী সিরিয়ার উদ্বাস্তু হিসেবে তুরস্কে প্রবেশ করে ইস্তাম্বুলের ঐতিহাসিক পর্যটনকেন্দ্রে হামলা করে। এ সময় ১২ জন জার্মান নাগরিক প্রাণ হারান। আহত হন আরও অনেক বিদেশি।
১৯ মার্চ, ২০১৬
আত্মঘাতী এক বোমা হামলাকারী ইস্তাম্বুলের সবচেয়ে জনপ্রিয় শপিং জেলা ইস্তিকলাল স্ট্রিটে তিন ইসরায়েলি পর্যটক ও একজন ইরানিকে হত্যা করে। এই হামলাকারী আইএসের তুর্কি সদস্য ছিল বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
২২ মার্চ, ২০১৬
বেলজিয়ামের নাগরিক তিন আইএস আত্মঘাতী বোমা হামলাকারী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রোরেলে হামলা চালিয়ে ৩২ জনকে হত্যা করে। পুলিশ নভেম্বরে প্যারিসে হামলার সঙ্গে এর যোগাযোগ খুঁজে পায়।
১৪ জুন, ২০১৬
মরোক্কান বংশোদ্ভূত এক ফরাসি নাগরিক প্যারিসের উপকণ্ঠে এক পুলিশ কমান্ডার এবং তার সহযোগীকে ছুরিকাঘাতে হত্যা করে।
২৮ জুন, ২০১৬
ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তিন জঙ্গির অবিরাম গুলিবর্ষণে ৪৫ জন নিহত হন। এতে আহত হন আরও শতাধিক ব্যক্তি। এ হামলার জন্য আইএসকে দায়ী করে তুরস্ক।