২০৩০-এর মধ্যে ইউরোপের অর্ধেক বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে
২০৩০ সালের মধ্যে ইউরোপের অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। জলবায়ু পরিবর্তন রোধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন করে, তবেই এ লক্ষ্য পূরণ সম্ভব। ইইউর এক খসড়া প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর গার্ডিয়ানের।
খসড়া প্রতিবেদনটি আগামী ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০৩০ সাল নাগাদ ইইউর প্রতিশ্রুত জ্বালানি নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন রোধে অঙ্গীকারের অর্থ হলো, এ সময়ে বিদ্যুতের ৫০ শতাংশের বেশি আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এর জন্য কার্বন নির্গমন রোধ করে বিদ্যুৎ-ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে।’
ইইউ নিজেদের তৈরি লক্ষ্যমাত্রায় বলেছে, ১৯৯০ সালে যে পর্যায়ে ছিল তার তুলনায় ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমনের হার ৪০ শতাংশ কমাবে। এ ছাড়া কৃষি, পরিবহন এবং ইমারত নির্মাণসহ সামগ্রিক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২৭ শতাংশ করারও প্রতিশ্রুতি আছে ইইউর। এখন ইউরোপের প্রায় ২৫ শতাংশ বিদ্যুৎ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে।
ইউরোপিয়ান উইন্ড এনার্জি অ্যাসোসিয়েশনের মুখপাত্র অলিভার জয় ৫০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আনার লক্ষ্যমাত্রাকে স্বাগত জানিয়েছেন।