২২ জাহাজের ধ্বংসাবশেষ!
ইজিয়ান সাগরের গ্রিক উপকূলে আড়াই হাজার বছরের ২২টি পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন সমুদ্র প্রত্নতত্ত্ববিদেরা। সমুদ্রগর্ভে এত জাহাজের ধ্বংসাবশেষ পাওয়াকে ‘আশাতীত’ আখ্যায়িত করেছেন গবেষকেরা। খবর ওয়াশিংটন পোস্টের।
সেপ্টেম্বর মাসে ১৩ দিন ধরে চলে এই অনুসন্ধান। এ সময় মোট ২২টি ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। অনুসন্ধানের একেবারে প্রথম দিকে গবেষক দল সাগরের অগভীর জলে ঘাসের মধ্যে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। সেটি রোমান আমলের। পাঁচ দিনের মাথায় ধ্বংসাবশেষের সংখ্যা গিয়ে দাঁড়ায় নয়টিতে। পরদিনই আরও ছয়টি জাহাজের সন্ধান মেলে। খোঁজ পাওয়া এসব জাহাজের মধ্যে কোনোটির বয়স আড়াই হাজার বছরের বেশি।
গবেষণা প্রকল্পের সহ-পরিচালক পিটার ক্যাম্পবেল বলেন, ‘আমরা সবাই অভিভূত। তিন থেকে চারটি জাহাজের ধ্বংসাবশেষ পাব বলে আশা করেছিলাম। তা পেলেই আমরা খুশি হতাম। এখন যা পেলাম তা আশাতীত।’