২৩ ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরুর আশা ম্যার্কেলের
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৬ ডিসেম্বর থেকে জার্মানিতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। তবে দেশটিতে সংক্রমণ কমেনি। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৩০০ জন মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ৭০২ জন মারা গেছেন। এদিকে বায়োএনটেক ও তাদের মার্কিন অংশীদার ফাইজারের টিকা ২৩ ডিসেম্বর থেকে প্রয়োগ করা সম্ভব হবে বলে আশা করছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
জার্মানিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। মৃতদের মধ্য বেশির ভাগই প্রবীণ।
জার্মানির ডের স্পিগেল পত্রিকাটি জানিয়েছে, কঠোর লকডাউন আগে থেকে জারি করা হলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হতো।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান স্পান গতকাল এক সংবাদ সম্মেলনে টিকা কমিশন গঠন করার কথা জানিয়েছেন। এই কমিশন ইতিমধ্যেই জার্মানিতে বিভিন্ন পর্যায়ে কাদের টিকা দেওয়া হবে, সেই বিষয়টি নির্ধারণ করেছে।
স্বাস্থ্যমন্ত্রী স্পান বলছেন, প্রাথমিকভাবে বয়স্কদের টিকা দিয়ে সুরক্ষা দেওয়া হবে। প্রবীণ, হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও নার্স, স্কুল ও কিন্ডারগার্টেনে কর্মরত শিক্ষক ও কর্মীরা এই টিকা অগ্রধিকারভিত্তিতে নিতে পারবেন। ৮০ বছরের নিচের বিভিন্ন বয়সী ব্যক্তিদের পর্যায়ক্রমে টিকা দেওয়ার পরিকল্পনা টিকা কমিশন নির্ধারণ করেছে। এই বিষয়ে তিনি সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছেন।
অনেকেই জার্মানিতে তৈরি টিকা যুক্তরাজ্যে প্রয়োগের দুই সপ্তাহ পর কেন জার্মানিতে প্রয়োগ করা হবে, তা নিয়ে সমালোচনা করেছেন। এ ব্যাপারে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্য এখন আর ইউরোপীয় ইউনিয়ন দেশভুক্ত দেশ নয়। তারা বায়োএনটেকের ও ফাইজারের টিকার নিবন্ধন দ্রুত শেষ করে প্রয়োগ শুরু করেছে। কিন্তু জার্মানি ইইউ জোটভুক্ত দেশ হওয়ায় জোটের নিয়ম মেনে, আমস্টারডামে অবস্থিত ইউরোপীয় মেডিসিন এজেন্সি (এমার) নিবন্ধনের নিয়ম মেনে ইউরোপের ২৭ দেশে একযোগে টিকাটির প্রয়োগ শুরু হবে।
জার্মানিতে করোনা টিকা পরিবহন ও গুদামজাত করার কাজে অস্ত্রধারী বিশেষ পুলিশ বাহিনী সহায়তা করবে। করোনা টিকা পরিবহন ও গুদামজাতের জন্য জার্মানির ১৬ রাজ্যে বিশেষ কাঠামো নির্মিত হয়েছে।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল করোনাভাইরাসের টিকা আবিষ্কারে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন। বিশ্বের প্রথম করোনাভাইরাস টিকা উদ্ভাবক বায়োএনটেকের গবেষক দলের প্রশংসা করেন তিনি। তাঁদের সঙ্গে কথাও বলেন।
চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, এত দ্রুত বিশ্বে টিকা আসা গবেষকদের বিরাট সাফল্য। নতুন এই টিকা বহু মানুষের প্রাণ বাঁচাবে। বায়োএনটেক ও তাদের মার্কিন অংশীদার ফাইজারের টিকা ২৩ ডিসেম্বর থেকে প্রয়োগ করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।
ইউরোপীয় মেডিসিন এজেন্সি (এমা) আগামী সোমবার বায়োএনটেক ও ফাইজারের টিকার নিবন্ধন শেষ করতে চায়। বায়োএনটেকের প্রতিষ্ঠাতা উগুর সাহিন তাঁদের প্রতি বিশ্বাস ও অনুদানের জন্য জার্মান সরকারসহ সবাইকে ধন্যবাদ জানান। বায়োএনটেকের স্বত্বাধিকারী ও সাহিনের স্ত্রী ইজলেম তারেসি বলেন, ভ্যাকসিনটির বিকাশের জন্য তাঁদের গবেষণাগারের কর্মীরা কয়েক মাস ধরে অনেক রাত পর্যন্ত কাজ করেছেন। গবেষণার কারণে প্রতিষ্ঠানটির সব কর্মীদের ছুটি স্থগিত করা হয়েছে।