২৫ হাজার ছাঁটাই হবে এইচএসবিসি ব্যাংকে
ইউরোপের বৃহত্তম ব্যাংক এইচএসবিসি ব্যয় কমানোর লক্ষ্যে সারা বিশ্বের বিভিন্ন শাখায় মোট ২৫ হাজার কর্মী ছাঁটাই করতে পারে। এর মধ্যে যুক্তরাজ্যে আট হাজার কর্মী হ্রাস করার পরিকল্পনা রয়েছে। খবর বিবিসির।
এইচএসবিসি কর্তৃপক্ষ খুচরা ব্যাংকিং ও বিনিয়োগ খাতও সংকোচন করতে যাচ্ছে। কর্মী ছাঁটাইয়ের ঘোষিত প্রক্রিয়াকে ‘স্বাভাবিক ক্ষয়’ আখ্যা দিয়েছেন এইচএসবিসির প্রধান নির্বাহী স্টুয়ার্ট গালিভার। তিনি জানান, এইচএসবিসিতে বছরে কর্মী ছাঁটাই ও নিয়োগের সংখ্যা প্রায় তিন হাজার। বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র লন্ডনসহ যুক্তরাজ্যে ব্যাংকটির ৪৮ হাজার কর্মী রয়েছে।
সারা বিশ্বে এইচএসবিসির বিভিন্ন শাখায় মোট ২৫ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। এটি ওই প্রতিষ্ঠানের মোট ২ লাখ ৬৬ হাজার কর্মীর ১০ শতাংশের কাছাকাছি।
যুক্তরাজ্যে কয়েকটি শাখার নামেও পরিবর্তন আনবে এইচএসবিসি। তবে ওই নাম এখনো চূড়ান্ত করা হয়নি।