মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল শনিবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন। গত ২ এপ্রিল ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তি হওয়ার পর গতকালই প্রথম স্বতন্ত্র আলোচনা হলো।
দু্ই পক্ষের মধ্যে এখনো রয়ে যাওয়া মতপার্থক্যের বিষয়ে আলোচনা করার কথা কেরি ও জারিফের। পরিকল্পনা অনুযায়ী তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। খবর এএফপি ও রয়টার্সের।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি—এ ছয় বিশ্বশক্তি ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি সীমিত রাখার চেষ্টা করছে। তাদের সঙ্গে ইরানের প্রাথমিক সমঝোতাও হয়েছে। ঠিক হয়েছে প্রাথমিকভাবে দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু চূড়ান্ত চুক্তির পথে কয়েকটি সমস্যা এখনো সমাধান করা হয়নি। এর মধ্যে রয়েছে ইরানের সামরিক এলাকাগুলোতে আন্তর্জাতিক বোমা বিশেষজ্ঞদের প্রবেশের সুযোগ দেওয়া। কিন্তু ইরানের যুক্তি হলো, তেহরানের পারমাণবিক কর্মসূচি বোমা তৈরির উদ্দেশে৵ নয়, তাই এসব এলাকায় বিদেশি পর্যবেক্ষক প্রবেশের কোনো প্রয়োজন নেই।
তেহরান সময়সীমা মেনে চলবে কি না, গতকাল কেরির সঙ্গে বৈঠক শুরুর আগে এমন প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘আমরা চেষ্টা করব’।
আর মার্কিন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তির বিষয়ে তাঁরা আশাবাদী। যদিও রাজনৈতিক দিক থেকে অনেক সিদ্ধান্ত এখনো পাকা হয়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক চুক্তির খসড়া তৈরি এবং তেহরানের পারমাণবিক প্রকল্প সীমিতকরণের বিষয়ে বেশ অগ্রগতি হয়।
যুক্তরাষ্ট্র এর আগে বলেছে, বেঁধে দেওয়া সময়সীমা ৩০ জুনের মধ্যেই ইরানের সঙ্গে ছয় জাতির চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে ওয়াশিংটন আশাবাদী। আশা করা যায়, নতুন করে সময়সীমা বৃদ্ধির কোনো প্রয়োজন হবে না।
ছয় পরাশক্তির সঙ্গে ইরানের সমঝোতার ঘটনাটি নানা কারণে গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করছেন। তবে এ উদ্যোগের প্রক্রিয়া ও সাফল্যের সম্ভাবনা নিয়ে পশ্চিমাদের মধ্যে মতভেদ রয়েছে। ইরানের ওপর অতিরিক্ত কড়াকড়ি আরোপের পক্ষে থাকা ফ্রান্স বলছে, চূড়ান্ত আলোচনা হয়তো এ সময়ের মধ্যে সফল না-ও হতে পারে। পরের মাসেও গড়াতে পারে। ইরানের পরমাণুবিষয়ক জ্যেষ্ঠ সমঝোতাকারী আব্বাস আরাকচিও আভাস দিয়ে আসছেন, হয়তো পূর্বনির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। এ ক্ষেত্রে চূড়ান্ত চুক্তির জন্য তেহরানকে আরেকটু সময় দিতে হবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মার্ক ফিৎজপ্যাট্রিক বলেন, চুক্তি হতে পারে জুলাইয়ের কোনো একদিন।
পশ্চিমা একজন কূটনীতিক বলেছেন, ইরানের সামরিক এলাকাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদের অবাধে ঢুকতে দিতে হবে। ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখার জন্যই এটি জরুরি। তেহরান এতে সম্মতি দিলে সমস্যার সমাধান সহজে হতে পারে। ওই কূটনীতিক বলেন, ‘ইরানের সামরিক এলাকায় প্রবেশের অনুমতি না পেলে আমরা চুক্তিতে সই করব না।’
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে তেহরান বলে আসছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিশ্বশক্তির ‘অযৌক্তিক কোনো দাবি’ মেনে নেওয়া হবে না। গত সপ্তাহে খামেনি বলেন, ইরানের সামরিক এলাকাগুলোতে ভিয়েনাভিত্তিক আইএইএ বিজ্ঞানীদের কিংবা কোনো বিদেশি বিশেষজ্ঞকে ঢুকতে দেওয়া হবে না।
তেহরানভিত্তিক বিশেষজ্ঞ সায়িদ লায়লাজ বলেন, ইরানে বিরোধীদের প্রতিরোধ সত্ত্বেও শেষমেশ চূড়ান্ত চুক্তি হবে। ইরান কিংবা যুক্তরাষ্ট্র না চাইলেও চুক্তি করতে হবে, কারণ চূড়ান্ত চুক্তি করতে ব্যর্থ হলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাবে।