৩৮ হাজার বন্দীকে মুক্তি দেবে তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহে আটক সামরিক কর্মকর্তাদের গতকাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুলা শহরের এক আদালতে হাজির করা হয় l ছবি রয়টার্স
তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহে আটক সামরিক কর্মকর্তাদের গতকাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুলা শহরের এক আদালতে হাজির করা হয় l ছবি রয়টার্স

তুরস্কে অভ্যুত্থানচেষ্টার আগে সংঘটিত বিভিন্ন অপরাধে আটক থাকা ৩৮ হাজার কয়েদিকে শর্ত সাপেক্ষে আগাম মুক্তি দেওয়া হচ্ছে। দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাক গতকাল বুধবার এ কথা জানান।
গত ১৫ জুলাই অভ্যুত্থানচেষ্টার পর গণগ্রেপ্তারের কারণে দেশটির কারাগারগুলোতে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার বেশি হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাইয়ের আগে সংঘটিত অপরাধের কারণে কারাগারে থাকা লোকদের মুক্তি দেওয়া হবে।
টুইটার বার্তায় বিচারমন্ত্রী বেকির বোজদাক বলেন, রাষ্ট্রীয় ক্ষমার অংশ হিসেবে তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে না, তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে প্যারোলে। তবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধ এবং হত্যা মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। এ ছাড়া ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টার পর বন্দী হওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে না।
বোজদাক বলেন, ‘এই বিধান ২০১৬ সালের জুলাই মাসের আগে সংঘটিত অপরাধগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১ জুলাইয়ের পর সংঘটিত অপরাধের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এই বিধানের ফলে প্রায় ৩৮ হাজার লোক মুক্তি পাবে।’
সম্প্রতি তুরস্কের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার ঘটনার পর কয়েক হাজার লোককে কারাগারে ঢোকানো হয়। ফলে কারাগারগুলোতে বন্দীদের ভিড়ে ঠাসাঠাসি পরিস্থিতির সৃষ্টি হয়। দেশটির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনার পর ৩৫ হাজার লোককে আটক করা হয়। এর মধ্যে প্রায় ১১ হাজার ৬০০ জনকে মুক্তি দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে যুক্ত নয়, এমন অপরাধের ক্ষেত্রে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মুক্তি দেওয়ার মাধ্যমে অভ্যুত্থানের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ব্যক্তিদের জন্য কারাগারে জায়গা প্রস্তুত করা হবে।