৫০ কোটি ই-মেইল হ্যাক করেছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার একটি গ্রুপ ৫০ কোটি ই-মেইল হ্যাক করেছে। হোল্ড সিকিউরিটি নামে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষক একটি প্রতিষ্ঠান এই দাবি করেছে। প্রতিষ্ঠানটি এ ঘটনাকে ‘সবচেয়ে বড় তথ্য চুরি’ বলে উল্লেখ করেছে। নিউইয়র্ক টাইমস পত্রিকা প্রথম এ খবর প্রকাশ করে। খবর বিবিসির।
হোল্ড সিকিউরিটি দাবি করেছে, বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বড় বড় শিল্পপ্রতিষ্ঠানসহ চার লাখ ২০ হাজারের বেশি ওয়েবসাইট থেকে তথ্যগুলো চুরি করা হয়েছে। তবে হ্যাকিংয়ের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি হোল্ড সিকিউরিটি। এসব কোম্পানির ওয়েবসাইট এখনো হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে।
হোল্ড সিকিউরিটির এক প্রতিবেদনে বলা হয়, রুশ হ্যাকারদের লক্ষ্য কেবল বড় কোম্পানিগুলোই ছিল না, যারা ওই সব সাইটে ঢুকতেন, তাঁরাও তাদের হ্যাকিংয়ের লক্ষ্যবস্তু ছিলেন।
নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, তাদের হাতে আসা তথ্যগুলো প্রথমে তারা একজন নিরাপত্তা বিশ্লেষককে দিয়ে যাচাই-বাছাই করেছে। তিনি যাচাই করে দেখেছেন, ঘটনা সত্যি। সেই বিশ্লেষকের সঙ্গে হোল্ড সিকিউরিটির কোনো সম্পর্ক ছিল না।
পত্রিকাটির খবরে আরও বলা হয়, কম্পিউটার-অপরাধবিষয়ক একজন বিশেষজ্ঞও তথ্য-উপাত্ত যাচাই করেছেন। তবে তাঁকে সেগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন, কিছু বড় প্রতিষ্ঠান বুঝে গেছে, চুরি হওয়া তথ্যগুলোর মধ্যে তাদের কোম্পানির তথ্যও আছে।