৭০ শতাংশ টিকা নিশ্চিতের আহ্বান দ্রাঘির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি
ছবি : এএফপি

আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ৭০ শতাংশের টিকা প্রাপ্তির বিষয়টি জি-২০ দেশগুলোকে নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

রোমে শনিবার জি–২০ সম্মেলনের উদ্বোধনী দিনে মারিও দ্রাঘি বলেছেন, ‘২০২১ সালের শেষ নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশকে করোনার টিকা দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য পূরণের খুব কাছাকাছি রয়েছি আমরা। এখন ২০২২ সালের মাঝামাঝি সময়ে ৭০ শতাংশে পৌঁছানোর জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে।’

মারিও দ্রাঘির এ মন্তব্যের মধ্য দিয়েই শনিবার রোমে বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি-২০ নেতাদের দুই দিনের সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে বিশ্বনেতারা করোনাভাইরাস মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তন রোধ ও বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

দ্রাঘি বলেছেন, যেখানে উন্নত দেশগুলোর ৭০ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ করোনার টিকা পেয়েছেন, সেখানে বিশ্বের দরিদ্র দেশগুলোতে এই হার ৩ শতাংশের কম। এই পার্থক্য নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং বিশ্বব্যাপী পুনরুদ্ধার প্রক্রিয়ার পথ কঠিন করে তোলে।