৭১ বছর পর জার্মান 'যুদ্ধাপরাধীর' বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে রাইনহোল্ড হানিং নামের ৯৩ বছর বয়সী এক ব্যক্তির বিচার শুরু হয়েছে। ঘটনার ৭১ বছর পর গত বৃহস্পতিবার জার্মানিতে এই বিচার শুরু হলো।
দুই বছর আগে জার্মানির বাডেনভুর্টেনবুর্গ রাজ্যের লুডভিগবুর্গ শহরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধবিষয়ক কেন্দ্রীয় মহাফেজখানায় পাওয়া একটি দলিলের সূত্র ধরে এই বিচার শুরু হয়।
ওই দলিলে পোল্যান্ডের অশউইৎজ বন্দিশিবিরে এসএস বাহিনীর প্রহরী ও কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের মধ্যে যে ৩০ জন জীবিত যুদ্ধাপরাধীর নাম-পরিচয় খুঁজে পাওয়া গিয়েছিল, হানিং তাঁদের অন্যতম।
বিচারপ্রক্রিয়ায় সহযোগী সাক্ষী হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অশউইৎজ বন্দিশিবিরে আটক কিছু সাবেক বন্দী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইসরায়েল থেকে এনে রাইনল্যান্ড ফালৎস প্রদেশের ছোট শহর ডেটমল্ডের প্রাদেশিক আদালতে হাজির করা হয়েছে।
আদালতের অভিযোগনামায় ডর্টমুন্ড শহরের রাষ্ট্রীয় কৌঁসুলি আন্দ্রিয়াস ব্রেন্ডেল বলেছেন, ‘অনেক দেরিতে হলেও আমরা এই বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অশউইৎজ বন্দিশিবিরে হাজার হাজার বন্দীকে হত্যার ঘটনা সম্পর্কে রাইনহোল্ড হানিং কতটুকু অবগত ছিলেন, তা জানতে চাই।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি বাহিনী তাদের দখলকৃত বিভিন্ন দেশ থেকে ইহুদিদের বন্দী করে পোল্যান্ডের অশউইৎজ এবং ব্রির্কেনাউ বন্দিশিবিরে নিয়ে এসেছিল।
অশউইৎজ এবং ব্রির্কেনাউ বন্দিশিবিরে এস এস বাহিনীর সর্বমোট সাড়ে ছয় হাজার প্রহরী কাজ করলেও এঁদের মধ্য মাত্র ৫০ জনকে জার্মানির বিভিন্ন আদালতে বিচারের আওতায় আনা গেছে।