ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক দীর্ঘ মেয়াদে জটলা পাকাতে পারে বলেও হুঁশিয়ারি পুতিনের
৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল রোববার বলেছেন, তাঁর দেশ থেকে যুক্তরাষ্ট্রের ৭৫৫ জন কূটনীতিককে অবশ্যই চলে যেতে হবে। সেই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক দীর্ঘ মেয়াদে জটলা পাকাতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের বিল পাস করায় পাল্টা পদক্ষেপ হিসেবে পুতিন এ হুঁশিয়ারি দিলেন।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সংখ্যা আগামী সেপ্টেম্বরের মধ্যে ৪৫৫ জনে কমিয়ে আনার জন্য ওয়াশিংটনের কাছে দাবি জানিয়েছিল।
‘রোশিয়া-২৪’ টেলিভিশন চ্যানেলকে গতকাল এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন বলেন, তাঁর দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোয় এক হাজারের বেশি মার্কিন কূটনীতিক কাজ করছেন। তাঁদের মধ্যে ৭৫৫ জনকে অবশ্যই রাশিয়ায় কার্যক্রম চালানো বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, ‘খুব শিগগির ওয়াশিংটনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নত হওয়ার আশা করা ঠিক হবে না।’
রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপে ক্ষুব্ধ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা অনেকটা সময় অপেক্ষা করেছি। আমরা আশা করছিলাম, পরিস্থিতির সম্ভবত উত্তরণ ঘটবে। কিন্তু দৃশ্যত পরিস্থিতির পরিবর্তন হলেও শিগগিরই উন্নতির আশা নেই।’
গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপের অভিযোগ এবং ২০১৪ সালে ক্রিমিয়ায় তার দখলদারি প্রতিষ্ঠার জের ধরে বৃহস্পতিবার মার্কিন সিনেটে মস্কোর বিরুদ্ধে অবরোধ জোরদারে প্রায় সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়। এতে ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধেও অবরোধ আরোপের কথা অন্তর্ভুক্ত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের জন্য বিলটি এখন হোয়াইট হাউসে পাঠানো হচ্ছে।
সিনেটে নতুন অবরোধ আরোপের ওই বিল পাস হওয়ার পরের দিন গত শুক্রবার যুক্তরাষ্ট্রকে রাশিয়া থেকে তার কূটনীতিকের সংখ্যা ৪৫৫ জনে কমিয়ে আনতে বলে। এ ছাড়া মস্কোয় আগামী ১ আগস্ট থেকে দুই মার্কিন কূটনৈতিক স্থাপনা বন্ধের ঘোষণা দেয়।
গত বছরের ডিসেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্র থেকে ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার ও সেখানে দুটি রুশ কূটনৈতিক স্থাপনা বন্ধের নির্দেশ দেন।
মস্কোতে একজন মার্কিন কূটনৈতিক কর্মকর্তার বরাত দিয়ে গত সপ্তাহে রয়টার্স বলেছে, রাশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার ১০০ কূটনীতিক ও তাঁদের সঙ্গে যুক্ত কর্মী রয়েছেন। গতকাল পুতিনের ওই নির্দেশ দেওয়ার আগে একই দিন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়েবকভ মার্কিন সিনেটে অবরোধ আরোপের বিলের ওপর ভোটাভুটিকে ‘শেষ বিন্দু’ (সম্পর্কের) আখ্যায়িত করে বলেন, মস্কো কোনো না কোনোভাবে প্রতিশোধ নেবে।