‘যদি তারা স্বেচ্ছায় না যেতে চায়, তবে জোর করে বের করে দেওয়া হবে’
৮০ হাজার আশ্রয়প্রার্থীকে বহিষ্কারের পরিকল্পনা করছে সুইডেন
আশ্রয়প্রার্থনার আবেদন নাকচ হওয়া প্রায় ৮০ হাজার অভিবাসীকে বহিষ্কার করার পরিকল্পনা করছে সুইডেন। এমন ইঙ্গিত দিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স আগম্যান গতকাল বৃহস্পতিবার সে দেশের বাণিজ্যবিষয়ক দৈনিক দগেনস ইন্দাস্ত্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এ জন্য বিশেষভাবে বিমান ভাড়া করার প্রয়োজন হবে। আর এ কর্মসূচি বাস্তবায়নে কয়েক বছর লেগে যাবে। খবর এএফপি ও বিবিসির।
উদ্বাস্তু ও অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা অভিবাসীদের প্রধান গন্তব্য হিসেবে জার্মানির পাশাপাশি আসে স্ক্যান্ডিনেভীয় ধনী দেশ সুইডেনের নাম। দেশটিতে ২০১৫ সালে ১ লাখ ৬৩ হাজার অভিবাসী আশ্রয়ের আবেদন করে। ওই আবেদনের মধ্যে ৫৮ হাজার ৮০০টি গত বছর প্রক্রিয়াভুক্ত হয়। এর ৫৫ শতাংশ অনুমোদিত হয়েছে। ৯৮ লাখ অধিবাসীর দেশ সুইডেনে গত বছর আশ্রয়প্রার্থীর আবেদনের সংখ্যা মাথাপিছু হিসাবে ইউরোপে সর্বোচ্চ। তবে এ বছর সুইডেন সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
যাঁরা বহিষ্কৃত হবেন, তাঁদের প্রসঙ্গে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স আগম্যান বলেন, ‘আমরা এখন ৬০ হাজার মানুষের কথা বিবেচনা করছি। কিন্তু এ সংখ্যা ৮০ হাজারে উঠতে পারে। এদের বহিষ্কার করা হবে। যদি তারা স্বেচ্ছায় না যেতে চায়, তবে জোর করে বের করে দেওয়া হবে।’
পরে এক টুইট বার্তায় মন্ত্রী জানান, আশ্রয়প্রার্থনার পক্ষে ঠিক কতজন অভিবাসীর শক্ত ভিত্তি রয়েছে, সে বিষয়ে তিনি এখনো কোনো অবস্থান গ্রহণ করেননি। এটি কর্তৃপক্ষ ও আদালতের এখতিয়ারে।
অ্যান্ডার্স আগম্যান বলেন, ‘আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। এ কাজে আমাদের সম্পদের আরও ব্যবহার করতে হবে। এ সমস্যা সমাধানে আমাদের দেশীয় সংস্থাগুলোর মধ্যে সমন্বয় দরকার।’
সুইডিশ অভিবাসী সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা মিকাল রিবিনভিক বলেন, আশ্রয়প্রার্থনার সব আবেদনের মূল্যায়ন করা বিশাল কাজ। এ জন্য সরকারের আরও সম্পদ থাকা প্রয়োজন।
সম্প্রতি সুইডেনে সহিংসতার মাত্রা বেড়েছে। ফলে দেশটিতে অভিবাসীদের নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কয়েক দিন আগে সুইডেনে এক আশ্রয়প্রার্থীর ছুরিতে অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রের এক কর্মীর মৃত্যু হয়। পরে ১৫ বছর বয়সী হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। সুইডেনের জাতীয় পুলিশ বাহিনীর কমিশনার ড্যান এলিয়াসন গত সপ্তাহে সন্ত্রাসবাদ মোকাবিলা, অভিবাসীদের বহিষ্কার ও অভিবাসন কেন্দ্রগুলো নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে ৪ হাজার ১০০ বাড়তি পুলিশ সদস্য ও অন্যান্য কর্মচারী চেয়েছেন। জার্মানিসহ কয়েকটি দেশেও সহিংসতা ও নারী লাঞ্ছিত করার মতো কিছু ঘটনার সঙ্গে এশীয় ও আফ্রিকার অভিবাসীদের ভূমিকা থাকার অভিযোগে অভিবাসনবিরোধী মনোভাব আরও চাঙা হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেন পুলিশকে আরও সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
গত বছর উদ্বাস্তুসহ ১০ লাখের বেশি অভিবাসী ইউরোপে পাড়ি জমিয়েছে। এদের বেশির ভাগই সংকট-সংঘাতে জর্জরিত দেশ সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে যায়। উত্তর ও পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে যাওয়াই এদের লক্ষ্য।
গত বুধবার ইউরোপীয় কমিশনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউরোপে পাসপোর্টবিহীন চলাচলের অঞ্চল সেংগেন জোনের বাইরের সীমান্ত নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা পূরণে গ্রিস সরকার চরমভাবে শৈথিল্য দেখাচ্ছে। আর একে কমিশনের ‘দোষারোপের খেলা’ বলে মন্তব্য করেছেন গ্রিক সরকারের মুখপাত্র ওলগা গেরোভাসিলি। অভিবাসীর চাপ কমানোর আশায় শরণার্থীদের মূল্যবান সম্পদ জব্দ করার আইন অনুমোদন করে চলতি সপ্তাহে সমালোচনার মুখে পড়েছে ডেনমার্ক। অনেকের মতে, ড্যানিশ এই প্রস্তাব হিটলারের কুখ্যাত নাৎসি শাসনামলে ইহুদিদের কাছ থেকে সোনাসহ মূল্যবান সম্পদ বাজেয়াপ্ত করার ঘটনাই মনে করিয়ে দেয়।
স্থানীয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দাবি, অভিবাসীদের কারণে সুইডেনের ৪০ থেকে ৫০টি পৌর এলাকায় চরম বিশৃঙ্খল অবস্থা চলছে। তবে অনেক অধিকারকর্মী বলছেন, অনেক আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। সুইডিশ মাইগ্রেশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, আশ্রয়কেন্দ্রগুলোতে ২০১৪ সালে সহিংসতার সংখ্যা বেড়েই চলেছে। ওই বছর এসব কেন্দ্রে সহিংসতার ১৪৮টি ঘটনা ঘটে। গত বছর তা ছিল ৩২২টি।