'অগ্রবর্তী' বাহিনী গঠনের ঘোষণা দিল ন্যাটো
ইউক্রেনে রাশিয়ার কথিত ‘হস্তক্ষেপের’ জবাবে পূর্ব ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার একটি পরিকল্পনা অনুমোদন করেছেন ২৮ দেশের এই সামরিক জোটের নেতারা। যুক্তরাজ্যের ওয়েলসে চলমান সম্মেলনে ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও রয়টার্সের।
সম্মেলনের দ্বিতীয় দিনে গৃহীত পরিকল্পনার আওতায় একটি ‘অগ্রবর্তী’ বাহিনী গঠন করা হবে, যেটি দ্রুত পদক্ষেপ নেবে। এই বাহিনীর জন্য ন্যাটোর নতুন সদস্য পূর্ব ইউরোপের দেশগুলোতে সামরিক অস্ত্র-সরঞ্জাম এমন অবস্থায় রাখা হবে, যাতে সংকটকালে সেগুলো দ্রুততার সঙ্গে কাজে লাগানো যায়। বিশেষ করে সাম্প্রতিক ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে রাশিয়ার ‘আগ্রাসী’ তৎপরতায় শঙ্কিত পূর্ব ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোকে আশ্বস্ত করতে এই পদক্ষেপ নেওয়া হলো। দেশগুলোর মধ্যে রয়েছে তিন বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। ন্যাটোর মহাসচিব বলেন, এই পদক্ষেপের ফলে ন্যাটো জোটভুক্ত পূর্বাঞ্চলীয় দেশগুলোতে পালাক্রমে অব্যাহত উপস্থিতি বজায় রাখতে সক্ষম হবে।
সাড়ে তিন হাজার সেনা দেবে যুক্তরাজ্য: ন্যাটোর নতুন বাহিনীর জন্য সাড়ে তিন হাজার সেনাসদস্য দিতে যুক্তরাজ্য প্রস্তুত রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল এ কথা বলেন। তিনি বলেন, ‘যেহেতু রাশিয়া ইউক্রেনে অবৈধভাবে নাক গলাচ্ছে, সেহেতু আমাদের অবশ্যই পূর্ব ইউরোপের সদস্যদের এ বিষয়ে আশ্বস্ত করতে হবে যে, আমরা ৫ নম্বর অনুচ্ছেদে বর্ণিত প্রতিশ্রুতি সব সময় সমুন্নত রাখব।’ এ লক্ষ্য বাস্তবায়নে ন্যাটোকে অবশ্যই অধিকতর দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করে ক্যামেরন বলেন, ‘সদস্যদেশগুলোকে এমন একটি অগ্রবর্তী বাহিনী গঠনের বিষয়ে সম্মত হতে হবে, যেটি দুই থেকে পাঁচ দিনের মধ্যে বিশ্বের যেকোনো স্থানে মোতায়েন করা যাবে।... সবাই এ বিষয়ে একমত হলে যুক্তরাজ্য সাড়ে তিন হাজার সেনা দেবে।’
সাইবার হামলার বিষয়ে সিদ্ধান্ত: ন্যাটোর কোনো সদস্যদেশের ওপর বড় পরিসরে সাইবার (ইন্টারনেটভিত্তিক) হামলা হলে, সেটিকে পুরো জোটের ওপরে হামলা হিসেবে বিবেচনা করা হবে। ন্যাটোর নেতারা গতকাল এ বিষয়ে একমত হয়েছেন। ন্যাটোর মহাসচিব বলেন, ‘আজ (শুক্রবার) আমরা ঘোষণা করছি, সাইবার নিরাপত্তার বিষয়টি ন্যাটোর সামষ্টিক প্রতিরক্ষার কেন্দ্রীয় কাজেরই একটা অংশ।’
রাশিয়ার হুঁশিয়ারির জবাব: প্রতিবেশী ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল রাশিয়া। তার জবাবে ন্যাটো গতকাল বলেছে, জোট সম্প্রসারণের নীতির ব্যাপারে কোনো তৃতীয় দেশের নাক গলানোর অধিকার নেই। ন্যাটোর মহাসচিব বলেন, ‘সম্প্রসারণের বিরুদ্ধে ভেটো দেওয়ার ক্ষমতা কোনো তৃতীয় দেশের নেই।’