'অবমাননাকর' কথার জন্য তুরস্ককে সতর্ক করল জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ ধরে জার্মানির বিরুদ্ধে অব্যাহতভাবে ‘অবমাননাকর’ বক্তব্য দেওয়ার পর দেশটির সরকার তুরস্ককে সতর্ক করে দিয়েছে। জার্মানির চ্যান্সেলরের চিফ অব স্টাফ পিটার আল্টমায়ার গতকাল বুধবার এ কথা জানিয়ে বলেছেন, প্রয়োজনে নির্বাচনী সভা করতে আসা তুর্কি মন্ত্রীদের জার্মানি ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে।
আগামী ১৬ এপ্রিল তুরস্কের প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংবিধান পরিবর্তন নিয়ে যে গণভোট হবে, সে ব্যাপারে প্রবাসীদের মধ্যে প্রচারণা চালাতে তুরস্কের মন্ত্রীদের ইউরোপ সফর নিয়ে বিরোধ শুরু হয়েছে।
জার্মানির বিভিন্ন শহরের স্থানীয় প্রশাসন তুরস্কের মন্ত্রীদের এ ধরনের নির্বাচনী সভা বাতিল করে দেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জার্মানিকে ‘নাৎসিদের অনুসারী’ এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে ‘সন্ত্রাসীদের লালনকারী’ আখ্যা দেন।
পিটার আল্টমায়ার বলেছেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট ও সরকার যেভাবে প্রতিদিন জার্মানি সম্পর্কে অবমাননাকর কথাবার্তা বলছেন আর তুরস্কের আত্মসম্মানের কথা বলছেন, তাতে আমরাও জানাতে চাই, জার্মান জাতিরও আত্মসম্মানবোধ রয়েছে।’