'অবরুদ্ধ' ব্রাসেলসে অভিযানে গ্রেপ্তার ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে গত রবি ও গতকাল সোমবার ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্যারিসে সর্বশেষ হামলার ঘটনায় সন্দেহভাজন সালাহ আবদেসালাম ধরাছোঁয়ার বাইরে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো কঠোর নিরাপত্তায় ঘেরা ছিল। গোটা রাজধানী ছিল কার্যত অবরুদ্ধ। খবর রয়টার্সের।

ব্রাসেলস ও শার্লোরোয়া এলাকায় সন্ত্রাসীদের খোঁজে পুলিশ গত রোববার মোট ২২ বার তল্লাশি অভিযান চালিয়েছে। হামলার আশঙ্কায় বেলজিয়ামের রাজধানীজুড়ে গতকালও সর্বোচ্চ সতর্কতা জারি ছিল। বন্ধ ছিল সেখানকার সব বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, জাদুঘর, প্রেক্ষাগৃহ ও মেট্রোরেল। ব্রাসেলসের মোলেনবেক এলাকায় অভিযানের সময় পুলিশের গুলিতে একজন গাড়িচালক আহত হন। সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাসেলসের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, পুলিশ অভিযান চালিয়ে রোববার মোট ১৬ জনকে গ্রেপ্তার করে। আর গতকালের অভিযানগুলোতে গ্রেপ্তার হয়েছে আরও পাঁচজন। দুই দিনের অভিযানে কোনো বিস্ফোরক বা অস্ত্রশস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। জনসাধারণকে সতর্ক থাকতে এবং আতঙ্কিত না হতে বলা হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকায় ১৩ নভেম্বর জঙ্গি হামলায় ১৩০ জন নিহত ও ৩৫০ জন আহত হন। ব্রাসেলসে একই ধরনের হামলার হুমকি পাওয়ার পরিপ্রেক্ষিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল সর্বোচ্চ সতর্কতা জারি করেন। বিবিসি জানায়, আবদেসালামের খোঁজে তল্লাশি অভিযানের কারণে ব্রাসেলস গত শনি ও রোববার থেকে কার্যত অবরুদ্ধ। পুলিশি অভিযানে সেনাসদস্যরাও যোগ দেন। লোকজনকে ভিড় এড়িয়ে চলার জন্য কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে। এতে শহরের অনেক এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়ে। ফেরারি সালাহ আবদেসালামের ভাই মোহাম্মদ আবদেসালাম গত রোববার বেলজিয়ামের একটি টেলিভিশনে বক্তব্য দেন এবং সালাহকে আত্মসমর্পণের আহ্বান জানান। তাঁদের আরেক ভাই ব্রাহিম আবদেসালাম প্যারিসে হামলার সময়ই আত্মঘাতী হন।

চারজনকে অভিযুক্ত: বিবিসির খবরে বলা হয়, রোববার আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে প্যারিস হামলার ঘটনায় গতকাল অভিযুক্ত করা হয়েছে। ব্রাসেলসের প্রসিকিউটররা এ কথা জানিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তাঁরা। 

প্যারিসে হামলার ঘটনায় বেলজিয়ামের কর্তৃপক্ষ এ পর্যন্ত তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ফ্রান্সের সংবাদমাধ্যম জানায়, সব মিলিয়ে নয়জন জঙ্গি প্যারিসে ওই হামলা চালিয়েছে। এদের মধ্যে সাতজনই ঘটনার রাতে নিহত হয়।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো গুরুত্বপূর্ণ দুই সংস্থার সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্দিষ্ট কিছু কর্মীকে গতকাল বাসায় বসেই কাজ করার নির্দেশ দেওয়া হয়।

ক্যামেরন-ওলাঁদ বৈঠক: এএফপির খবরে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল প্যারিসে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে বৈঠকে বসেন। তাঁরা সন্ত্রাসবাদ মোকাবিলায় করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং একসঙ্গে বাতাক্লঁ কনসার্ট হল পরিদর্শনে যান। সেখানে ১৩ নভেম্বর সন্ত্রাসী হামলায় শতাধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। প্রেসিডেন্ট ওলাঁদ বলেছেন, আইএসকে মোকাবিলার জন্য প্যারিস ও লন্ডনকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। বিমান হামলা জোরদার করা হবে এবং সশস্ত্র সন্ত্রাসীদের ধ্বংস নিশ্চিত করা হবে। ক্যামেরন বলেন, আইএসবিরোধী হামলায় ফ্রান্স চাইলে সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহার করতে পারবে।