'অমানবিক' আচরণের অভিযোগ কারাবন্দী ব্রেইভিকের

কারাগারে ‘অমানবিক’ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নরওয়েতে ৭৭ জনকে হত্যা করে সাজা ভোগরত আন্দ্রেস ব্রেইভিক। রাষ্ট্রের বিরুদ্ধে আনা তাঁর এই অভিযোগের বিষয়ে চার দিনের শুনানির দ্বিতীয় দিন ছিল আজ বুধবার।
প্রথম দিনের শুনানিতে হাজির হয়ে গতকাল মঙ্গলবার ব্রেইভিক বিচারককে হিটলারের স্টাইলে সালাম (স্যালুট) দেন। তখন বিচারক তাঁকে বলে দেন, এমনভাবে ব্রেইভিক যেন আর তাঁকে সালাম না দেন। তখন তিনি বলেছিলেন, এমনটা আর হবে না। ব্রেইভিক কথা রেখেছেন। দ্বিতীয় দিনের শুনানির সময় আজ বিচারককে দেখে তিনি আর ওই কায়দায় সালাম দেননি।
২০১১ সালের জুলাইয়ে নরওয়ের রাজধানী অসলোতে একটি সরকারি ভবনের বাইরে বোমা হামলা চালিয়ে ডানপন্থী উগ্রবাদী ব্রেইভিক আটজনকে হত্যা করেন। পরে তিনি ইউটোয়া দ্বীপে চলা লেবার ইয়ুথ ক্যাম্পে হাজির হয়ে গুলি চালিয়ে ৬৯ জনকে হত্যা করেন, যাদের বেশির ভাগই ছিল কিশোর-কিশোরী। ব্রেইভিকের ধারণা, লেবার দল দেশটিতে বহুত্ববাদের প্রচলনে কাজ করছে। তাদের থামাতেই তিনি এমনটা করেছেন। এই হত্যাকাণ্ডের দায়ে তাঁকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাঁর আচরণে পরিবর্তন না হলে সমাজের জন্য ক্ষতিকর বিবেচনায় তাঁর কারাভোগের সময় আরও বাড়তে পারে।
ব্রেইভিকের অভিযোগ, নির্জন কারাবাস দিয়ে রাষ্ট্র গত পাঁচ বছর ধরে তাঁকে হত্যার চেষ্টা করছে।
এ অভিযোগের ব্যাপারে বিচারক হেলেন এন্ডেনায়েস সেকুলিক রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান। রাষ্ট্রপক্ষ ব্রেইভিকের অভিযোগ প্রত্যাখ্যান করে বলে, ব্রেইভিক তিনটি সেলে যেতে পারেন-নিজের কক্ষ, লাইব্রেরি ও শরীরচর্চা কেন্দ্রে। এ ছাড়া তাঁর কক্ষে একটি টেলিভিশন, ইন্টারনেট সুবিধাসহ একটি কম্পিউটার, বই, খবরের কাগজ ও খেলার সরঞ্জাম আছে। নিজের খাবার তৈরি ও কাপড় ধোয়ার কাজ করার অনুমতিও আছে তাঁর।