ইন্দোনেশিয়ায় আট বিদেশির মৃত্যুদণ্ড শিগগির
ইন্দোনেশিয়া মাদক চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আট বিদেশিকে অবিলম্বে তাদের সাজা কার্যকর করা হবে বলে গতকাল শনিবার জানিয়ে দিয়েছে। শুধু ফ্রান্সের অব্যাহত চাপের মুখে সে দেশের নাগরিককে এ কথা কাল পর্যন্ত বলা হয়নি। ফ্রান্স সতর্ক করে দিয়ে গতকাল বলেছিল, তাদের নাগরিকের সাজা কার্যকর করা হলে ইন্দোনেশিয়াকে কূটনৈতিক ক্ষেত্রে ‘পরিণতি ভোগ’ করতে হবে। খবর এএফপির।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গতকালই আট বিদেশিকে অবিলম্বে সাজা কার্যকর করা হবে বলে জানানো হয়। মঙ্গলবারও তা কার্যকর করা হতে পারে। ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাপক চেষ্টা-তদবির সত্ত্বেও দৃশ্যত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পথেই এগিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া।
দণ্ডিত নয়জন বিদেশির মধ্যে দুজন অস্ট্রেলিয়ার নাগরিক। এ ছাড়া ব্রাজিল, ফ্রান্স ও ফিলিপাইনের একজন করে এবং আফ্রিকার কয়েকটি দেশের চারজন নাগরিক রয়েছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তাঁদের প্রত্যেকের ক্ষমার আবেদন নাকচ করে দিয়েছেন। উইদোদোর যুক্তি, ইন্দোনেশিয়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে।