'একক হামলাকারীর' হুমকিতে ইউরোপ
ইউরোপে কথিত ‘লোন-উলফ’ বা বিচ্ছিন্ন জীবনযাপনে অভ্যস্ত ব্যক্তিদের হামলা বাড়ছে। এ ধরনের সন্ত্রাসীদের হামলার বড় হুমকিতে রয়েছে এই মহাদেশ। ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রয়োগকারী সংস্থা ইউরোপোল এসব কথা বলেছে।
হেগভিত্তিক ইউরোপীয় পুলিশ অফিস (ইউরোপোল) গতকাল বুধবার বলেছে, ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিকতম হামলাগুলো এটাই দেখাচ্ছে, সন্দেহভাজন এমন হামলাকারীদের শনাক্ত করা ও ধরা বেশ কঠিন।
এক বিবৃতিতে সংস্থা বলেছে, গত সোমবার জার্মানির একটি ট্রেনে ও গত সপ্তাহে ফ্রান্সের নিস শহরে হামলাগুলো হয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা অনুসৃত কৌশল অবলম্বন করে। নিসের হামলায় নিহত হন ৮৪ জন। আহত হয়েছেন আরও অনেকে।
বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলোতে আক্রমণ চালাতে একক হামলাকারীদের প্রতি বারবার আহ্বান জানিয়েছে এই উভয় গোষ্ঠী। সন্ত্রাসী হামলার সাম্প্রতিকতম ঘটনা নিয়ে মঙ্গলবার আইএসের প্রচার করা এক ভিডিও অনুযায়ী, একজন অভিবাসী জার্মানির দক্ষিণাঞ্চলের উয়ের্জবার্গে কুড়াল নিয়ে একটি ট্রেনে হামলা চালান। এতে পাঁচজন আহত হন। দুজনের অবস্থা গুরুতর।
ইউরোপোল বলেছে, আইএস সাম্প্রতিকতম হামলাগুলো চালানোর দাবি করলেও এসবের কোনোটি পরিকল্পিত, লজিস্টিক্যালি সমর্থিত বা আইএসের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বলে মনে হয়নি। আইএসের প্রতি এসব হামলাকারীর আনুগত্যের কথা জানা গেলেও এ গোষ্ঠীর সঙ্গে তাদের প্রকৃতপক্ষেই সংশ্লিষ্ট থাকার খবর প্রতিষ্ঠিত নয়।