সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা রাশিয়া ও তুরস্কের
'কঠিন পরিস্থিতিতে' এরদোয়ানের সফরের প্রশংসা পুতিনের

তুরস্কের ‘কঠিন পরিস্থিতির’ মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাশিয়া সফরকে দুদেশের সম্পর্ক পুনঃস্থাপনেরই ইঙ্গিত বলে আখ্যা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুসম্পর্ক ফিরিয়ে আনার লক্ষ্যে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান গতকাল মঙ্গলবার রাশিয়া সফরে যান। সেন্ট পিটার্সবার্গে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন।
তুর্কি নিরাপত্তা বাহিনী গত নভেম্বরে সিরিয়া সীমান্তে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করলে মস্কো ও আঙ্কারার সম্পর্কের বেশ অবনতি হয়। তুরস্কে গত মাসের ব্যর্থ অভ্যুত্থানের পর এরদোয়ানের এটিই প্রথম বিদেশ সফর।
সেন্ট পিটার্সবার্গে এরদোয়ানের সঙ্গে করমর্দনের পর পুতিন বলেন, ‘দেশের ভেতরের পরিস্থিতি অত্যন্ত কঠিন হওয়া সত্ত্বেও আজ আপনি এখানে এসেছেন। এটা রাশিয়া ও তুরস্কের মধ্যে সংলাপ আবার শুরু করে সম্পর্ক পুনঃস্থাপনেরই ইঙ্গিত।’
জবাবে এরদোয়ান তাঁর এই সফরকে ‘নতুন মাইলফলক’ আখ্যা দেন। ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর আঙ্কারার প্রতি সমর্থন দেওয়ায় ক্রেমলিনের নেতাকে ধন্যবাদ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক এখন ‘খুব অন্য রকম পর্যায়ে’ প্রবেশ করেছে।
সম্প্রতি তুরস্কে অভ্যুত্থানচেষ্টার পর সরকারের ব্যাপক দমন-পীড়ন ও ধরপাকড়ের ঘটনায় পশ্চিমা বিশ্ব ব্যাপক সমালোচনা করেছে। এ নিয়ে তুরস্কের সঙ্গে পশ্চিমের সম্পর্কও শীতল রূপ নিয়েছে। এ রকম পরিস্থিতিতে প্রেসিডেন্ট এরদোয়ানের রাশিয়া সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
আঙ্কারা দাবি করেছিল, সিরিয়ায় অভিযানে নিয়োজিত রুশ যুদ্ধবিমানটি প্রতিবেশী তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় তাঁকে বারবার সতর্ক করা হয়েছিল। গতকালের এরদোয়ান-পুতিন বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ আবার চালু করা এবং পর্যটন ও ভ্রমণ প্রকল্পগুলো শুরু করার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।