রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ভালো ক্যাথলিক হওয়ার জন্য ‘খরগোশের মতো দ্রুতহারে’ বাচ্চার জন্ম দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন দায়িত্বশীল মা-বাবাসুলভ আচরণ। খবর বিবিসির।
গত সোমবার ফিলিপাইন থেকে ভাটিকানে ফিরে পথশিশু এবং লালন-পালনে ব্যর্থ মা-বাবার পরিত্যক্ত সন্তানদের সঙ্গে সাক্ষাতের সময় পোপ ফ্রান্সিস এ কথা বলেন। কৃত্রিম জম্মনিয়ন্ত্রণের বিরোধিতা করে পোপ নতুন প্রাণকে বিয়ের পবিত্র আচারের একটি অংশ বলে অভিহিত করেন। তবে তিনি মনে করিয়ে দেন, জনসংখ্যা বিশেষজ্ঞরা পরিবারপিছু তিনটি সন্তান গ্রহণের পরামর্শ দিয়েছেন।
ক্যাথলিক গির্জা থেকে কৃত্রিম জম্মনিয়ন্ত্রণের বিরোধিতার কারণে সামর্থ্য না থাকলেও যাঁরা বেশি সন্তান নেন তাঁদের প্রতি কী বলবেন—এ প্রশ্নের জবাবে পোপ বলেন, ‘আমার কথায় কিছু মনে নেবেন না, কিন্তু অনেকে মনে করেন ভালো ক্যাথলিক হতে হলে খরগোশের মতো সন্তান জম্ম দিতে হবে। কিন্তু না। পিতৃত্ব ও মাতৃত্ব একটা দায়িত্বশীলতার ব্যাপার।’
পোপ ফ্রান্সিস বলেন, তাঁর জানামতে সন্তানের সংখ্যা নিজেদের ইচ্ছামতো সীমাবদ্ধ রাখার বিভিন্ন উপায় আছে, যা গির্জা অনুমোদন করে। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, এক নারী অস্ত্রোপচারের মাধ্যমে সাতটি সন্তানের জন্ম দিয়েছেন। আবারও গর্ভধারণ করেছেন। এই ধরনের গর্ভধারণ সম্পূর্ণ দায়িত্বহীন।