'গণহত্যা' নিয়ে জার্মানি ও তুরস্কের বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোমান সাম্রাজ্যের সময় ১৫ লাখ আর্মেনীয় নিহত হওয়ার শত বছর পূর্ণ হচ্ছে এবার। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একে সরকারিভাবে গণহত্যা আখ্যা দিতে জার্মানির পার্লামেন্টে আজ বৃহস্পতিবার প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হবে। ১৯১৫ ও ১৯১৬ সালে অটোমান সাম্রাজ্যের সময় তুরস্কের বর্তমান প্রতিবেশী উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তের দেশ আর্মেনিয়ার লাখ লাখ মানুষকে বিতাড়িত ও হত্যা করা হয়েছিল।
অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী তুরস্কের সরকার শত বছর আগের এই হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে এই হত্যাকাণ্ডকে বরাবরই তারা গণহত্যা বলতে বা আর্মেনীয় জনগণের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করে আসছে।
জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী পরিবেশবাদী গ্রিন পার্টির আনা আর্মেনিয়ার গণহত্যাবিষয়ক চার পৃষ্ঠার এই প্রস্তাবটিতে পাঁচটি গণহত্যার কথা উল্লেখ রয়েছে। আর্মেনীয় সরকার অনেক আগে থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনাটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা হিসেবে আখ্যা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। ইউরোপীয় পার্লামেন্ট, রাশিয়া, ফ্রান্সসহ ২০টি দেশ ইতিমধ্যে এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে।
গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে টেলিফোন করেন। তিনি জার্মান পার্লামেন্টের এই প্রস্তাবে গণহত্যা শব্দটি বাদ দেওয়ার অনুরোধ করেন। এই প্রস্তাবের কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি হবে বলেও আভাস দিয়েছেন এরদোয়ান।
এদিকে জার্মানিতে বসবাসরত প্রায় ১৫ লাখ তুর্কি অভিবাসীদের প্রায় পাঁচ শ সংগঠন গণহত্যাবিষয়ক প্রস্তাবটি পার্লামেন্টে গৃহীত হওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।