
প্যারিসে গত শুক্রবারের সন্ত্রাসী হামলার ঘটনার কথিত মূল পরিকল্পনাকারী মরক্কোর বংশোদ্ভূত আবদেলহামিদ আবাউদ (২৭) আইএসের সঙ্গে জড়ানোর আগে ‘চমৎকার এক জীবন’ কাটিয়েছেন। এ মন্তব্য তাঁর বাবা ওমর আবাউদের। খবর রয়টার্সের।
ফ্রান্সের সরকারি কর্মকর্তাদের ধারণা আবাউদ সিরিয়ায় রয়েছেন। তাঁর বাবা মরক্কোর একজন দোকানি। প্রকাশিত খবর অনুযায়ী আবাউদ ২০১৩ সালে সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দেন।
আবদেলহামিদ আবাউদ বেলজিয়ামে ভারভায়ার্স নামের স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান। আবাউদের বাবা জানান, ৪০ বছর আগে কাজের আশায় তিনি বেলজিয়াম এসেছিলেন। তাঁদের জীবন খুব ভালোই চলছিল। কিন্তু ২০১৩ সালে ছেলে আবদেলহামিদ সিরিয়া চলে যাওয়ার পর রাতারাতি সব পাল্টে যায়।
ওমর বলেন, ‘চমৎকার জীবন ছেড়ে সে কেন জঙ্গি কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলল, তা নিয়ে প্রতিদিন নিজেকে প্রশ্ন করেছি। কিন্তু কোনো জবাব পাইনি।’