'চোখের সামনেই সব ঘটল'
রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যার ঘটনা খুব কাছ থেকে দেখেছেন এপির আলোকচিত্রী বুরহান অজবিলিচি। তাঁর বর্ণনায় হত্যাকাণ্ড:
কালো স্যুট-টাই পরা এক ব্যক্তি যখন হঠাৎ করে পিস্তল উঁচিয়ে ধরলেন, তখন মনে হচ্ছিল এটা বুঝি কোনো নাটুকে ব্যাপার। কিন্তু ভুল ভাঙতে সময় লাগল না। চোখের সামনেই ঘটল ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। রুশ দূত আন্দ্রে কার্লোভ যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, আমি একটু এগিয়ে গেলাম কাছ থেকে ছবি তোলার জন্য। এই ছবিগুলো তুর্কি-রুশ সম্পর্ক নিয়ে প্রতিবেদনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে আশাবাদী ছিলাম। তিনি বেশ ধীরস্থিরভাবে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের মাঝে থামছিলেন। দোভাষী তাঁর বক্তব্য ভাষান্তর করে বলছিলেন। এর মধ্যেই হঠাৎ গুলির শব্দ। আতঙ্ক ও হুড়োহুড়ি। রাষ্ট্রদূতের দেহ পড়ে রইল মেঝেতে। আমার কয়েক ফুট সামনে। রক্তের কোনো চিহ্ন দেখতে পেলাম না। মনে হলো তাঁকে পেছন থেকে গুলি করা হয়েছে। অবস্থা বুঝতে কিছু সময় লাগল। আমার সামনে এক নিথর দেহ। চোখের সামনে মৃত্যু। অস্ত্রধারীকে প্রথমে মনে হচ্ছিল চেচনিয়ার কোনো জঙ্গি। কিন্তু ভুল ভাঙল তাঁর চিৎকারে। কানে এল সিরিয়া, আলেপ্পো শব্দগুলো।
হামলাকারী পুলিশ কর্মকর্তা মেভলুত মার্ত আলতিনতাস আমার বাঁ পাশে। অস্ত্র দিয়ে অনুষ্ঠানে থাকা লোকজনের মাঝে আতঙ্ক ছড়াচ্ছেন। ভয়ে জড়োসড়ো অবস্থা লোকজনের। গুলির শব্দ, মানুষের চিৎকার, দেয়ালের পেছনে আশ্রয় নেওয়ার চেষ্টা ও মেঝেতে শুয়ে পড়া; সব মিলিয়ে এক ভীতিকর পরিস্থিতি। আমিও আর্ট গ্যালারির একটি স্তম্ভের পেছনে নিজেকে আড়াল করার চেষ্টা করলাম। তবে একটি কাজ করতে ভুললাম না। হামলাকারীর ছবি তোলা।