'ট্যাংকের ভিসা লাগে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন তাঁর বেফাঁস কথার জন্য সুপরিচিত। আর্কটিক অঞ্চলে রাশিয়ার বাড়তে থাকা তৎপরতায় উদ্বিগ্ন পশ্চিমাদের উদ্দেশে এবার সেই দিমিত্রি বললেন, ‘ট্যাংকের কোনো ভিসা লাগে না।’ খবর এএফপির।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে গত রোববার দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন দিমিত্রি রোগোজিন। অনুষ্ঠান উপস্থাপক আর্কটিকে রাশিয়ার উপস্থিতিতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে প্রশ্ন করলে উপপ্রধানমন্ত্রী রোগোজিন বলেন, ‘দেখুন, ওদের এসব উদ্বেগ একেবারে ফালতু বিষয়। ওরা আমাদের ওপর অবরোধ আরোপ করেছে, তাতে কী হয়েছে। আমাদের যদি ওরা ভিসা না দেয় তাতেও কী এসে যায়। ট্যাংকের কোনো ভিসা লাগে না।’
পশ্চিমাদের খোঁচা দেওয়া মন্তব্যের জন্য সুপরিচিত দিমিত্রি রোগোজিন। গত সপ্তাহে তিনি পাশ্চাত্যের উদ্দেশে বলেন, ‘রাশিয়ার হুমকি কিছু নয়, আইএস এবং সমকামীদের ভারেই পশ্চিমারা চাপা পড়বে।’
দিমিত্রি রোগোজিন আগে ন্যাটোতে রাশিয়ার দূত ছিলেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আছে তাঁর ওপর। পাশ্চাত্য গত বছর কালো তালিকাভুক্ত করার পর রুশ এ নেতা বলেছিলেন, ‘টুরিস্ট ভিসা ছাড়াও বিশ্বভ্রমণের নানা উপায় আছে।’