'ট্রাম্পের উপদেষ্টাদের মাধ্যমে হস্তক্ষেপের চেষ্টা করে রাশিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার গোয়েন্দারা ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন। এসব উপদেষ্টার মধ্যে ছিলেন ট্রাম্পের পররাষ্ট্রনীতি-বিষয়ক সহযোগী কার্টার পেজ। সিএনএন গতকাল এ খবর দেয়।
মার্কিন টিভি নেটওয়ার্কটির খবরে বলা হয়, এফবিআইয়ের গোয়েন্দা তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় এ বিষয়টি জানা গেছে। এর ধারাবাহিকতায় ট্রাম্পের প্রচারণা কর্মীদের সঙ্গে রুশ কর্মকর্তাদের সম্ভাব্য যোগাযোগ তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
মার্কিন সরকারি কর্মকর্তারা সিএনএনকে বলেছেন, মস্কো তাঁকে ব্যবহার করার চেষ্টা করছে, তা কার্টার পেজ বুঝতে পেরেছিলেন কি না তা স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার কথিত প্রচেষ্টা নিয়ে যে বৃহত্তর তদন্ত হচ্ছে তার অংশ হিসেবে কার্টার পেজের কার্যকলাপও খতিয়ে দেখা হচ্ছে।
কার্টার পেজ গত বছর মস্কোর নামী এক বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন। বিষয়টি এফবিআইয়ের নজরে পড়ে এবং পেজ রুশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও তাঁদের দ্বারা প্রভাবিত হচ্ছেন—এমন উদ্বেগ দেখা দেয়।
তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, কার্টার পেজ ছাড়াও ট্রাম্পের আরও উপদেষ্টার সঙ্গে রাশিয়ার সরকারি কর্মকর্তা ও গোয়েন্দাদের সন্দেহ জাগানোর মতো ঘন ঘন ও ব্যাপক যোগাযোগ হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রসিকিউটররা বলেছেন, ২০১৩ সালে ভিক্তর পোদোবনি নামের একজনের সঙ্গে কার্টার পেজের সাক্ষাৎ হয়। পরে জানা যায়, নিউইয়র্কে বাস করা পোদোবনি একজন রুশ গোয়েন্দা। সে হিসেবে পেজ অন্তত চার বছর ধরে এফবিআইয়ের নজরে আছেন।