'দু-তিন দিনের' মধ্যে সিরিয়া থেকে সেনা সরাবে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া থেকে দু-তিন দিনের মধ্যেই বিপুলসংখ্যক সেনা ফিরিয়ে নেবে রাশিয়া। দেশটির একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এক সাক্ষাৎকারে এ রকম ইঙ্গিত দিয়েছেন। ভিক্তর বন্দারেভ নামের ওই কর্মকর্তার বক্তব্য গতকাল বৃহস্পতিবার রাশিয়ার একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তবে বন্দারেভের এই ঘোষণা আসার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া প্রয়োজন মনে করলে ‘আক্ষরিক অর্থেই কয়েক ঘণ্টার মধ্যে’ সিরিয়ায় সামরিক উপস্থিতি ঘোষণা করবে।
রুশ বিমানবাহিনীর কমান্ডার ভিক্তর বন্দারেভ কবে ওই মন্তব্য করেছেন, তা স্পষ্ট উল্লেখ করা হয়নি। তিনি বলেন, প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী যে সময় নির্ধারণ করেছেন, তার মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে।
রাশিয়ার যুদ্ধবিমানগুলো গত মঙ্গলবার থেকে সিরিয়া থেকে ফিরে যেতে শুরু করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে সিরিয়া থেকে তাঁর দেশের বাহিনী সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিরিয়ার লাতাকিয়ার কাছে রুশ বিমানঘাঁটি এবং তারতুস নৌঘাঁটি বহাল থাকবে। তবে সেখানে মস্কো কত সেনা মোতায়েন রাখবে, তা জানানো হয়নি। বন্দারেভ বলেছেন, সিরিয়া থেকে রুশ হেলিকপ্টারগুলোও কার্গো বিমানে করে ফিরিয়ে নেওয়া হবে। দেশটিতে রুশ বিমান হামলায় অংশগ্রহণকারী সেনার সংখ্যা ৫০০ থেকে ৭০০ জনের মধ্যে। তাঁরা সবাই পদক পাবেন।
সিরিয়ায় গত ৩০ সেপ্টেম্বর থেকে ‘সন্ত্রাসীদের’ ওপর বিমান থেকে বোমাবর্ষণ অভিযান শুরু করে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া কেবল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সিরিয়া থেকে রুশ সেনারা চলে গেলে ইউরোপে শরণার্থীর ঢল কমবে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রধান জঁ-ক্লদ জাঙ্কার। ব্রাসেলসে শরণার্থী সমস্যা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনের আগে গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন জাঙ্কার। তিনি বলেন, ‘সিরিয়া থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেওয়ায় রাশিয়ার সরকারকে স্বাগত জানাই। এটা আগাম বলা হচ্ছে। তবে এ উদ্যোগ ইউরোপে শরণার্থী আসার প্রবণতা কমাবে।’
গত বছরের সেপ্টেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে বিমান অভিযান শুরু করে রাশিয়া। সিরিয়ার সংকট কাটাতে জেনেভায় চলা শান্তি আলোচনায় সহায়তা করতেই রাশিয়ার এ সিদ্ধান্ত বলে জানান পুতিন। তবে গতকাল তিনি আবার এ হুমকিও দেন যে প্রয়োজনে এ সিদ্ধান্ত পাল্টে যেতে পারে।
পুতিন ক্রেমলিনে বলেন, যদি প্রয়োজন হয় তবে সত্যি সত্যিই কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া ওই অঞ্চলে হাজির হবে। পরিস্থিতির নিরিখে ঠিক হবে কত শক্তি সেখানে প্রয়োগ করা হবে।
গত বছর ১২ লাখের বেশি শরণার্থী ইইউভুক্ত দেশগুলোতে পাড়ি জমায়। এদের বেশির ভাগই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিক।