'না' ভোটই শেষ রক্ষা নয়

স্বাধীনতার আকাঙ্ক্ষা ত্যাগ করে শেষমেশ যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে মত দিলেন স্কটল্যান্ডের বেশির ভাগ নাগরিক। গণভোটের এ ফলাফলে আপাতত হাঁফ ছেড়ে বেঁচেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে স্কটিশদের ‘না’ ভোট তাঁকে যে স্বস্তি দিচ্ছে, তা সাময়িক। স্কটিশদের দেওয়া নানা প্রতিশ্রুতি তাঁকে বেশিদিন সুস্থির থাকতে দেবে না বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
যুক্তরাজ্যে রয়ে গেল স্কটল্যান্ড
গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়, গণভোটের আগেই ক্যামেরন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুক্তরাজ্যের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলে স্কটিশদের হাতে আগের চেয়ে বেশি সুযোগ-সুবিধা ও ক্ষমতা দেওয়া হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ ঘোষণা তাঁর নিজের জন্যই বিষফোঁড়া হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাজ্যের আওতাধীন উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসের নেতারাও স্কটল্যান্ডের মতো সুযোগ ও ক্ষমতা দাবি করলে, ক্যামেরনের জন্য সেই চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
বিশ্লেষকেরা বলছেন, লন্ডনের এখন প্রয়োজন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ডের হাতে অভ্যন্তরীণ নীতির বিষয়টি পুরোপুরি হস্তান্তর করা। এতেও যে স্বাধীনতার জন্য আরেক দফা গণভোটের ধকল থেকে পার পাওয়া যাবে, তা নয়।

গণভোটের কয়েক দিন আগে কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড ও লিবারেল ডেমোক্রেট নেতা নিক ক্লেগ স্কটল্যান্ডের মানুষকে না ভোট দিতে আহ্বান জানান। এ সময় তাঁরা স্কটল্যান্ডকে বেশি ক্ষমতা দিতে একটি অঙ্গীকারনামার সই করেন।
অঙ্গীকারনামায় ‘বারনেট ফর্মুলা’ সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বারনেট ফর্মুলার মাধ্যমেই উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে সরকারি ব্যয় বরাদ্দ নির্ধারণ করে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়। অঙ্গীকারের প্রথম দফায় স্কটল্যান্ডেও পার্লামেন্টের জন্য আরও বেশিমাত্রায় নতুন ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি আছে। দ্বিতীয় ভাগে সম্পদের সুষম বণ্টন করে সমান সুযোগ ও নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়। তৃতীয় ভাগে জাতীয় স্বাস্থ্য পরিষেবায় (এনএইচএস) আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
স্বাধীন হলো না স্কটল্যান্ড
আগামী নভেম্বরে এসব প্রতিশ্রুতির বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা উঠবে। এ সময় স্কটল্যান্ডকে আলাদাভাবে কী কী সুবিধা ও ক্ষমতা দেওয়া হবে—তা নিয়ে আলোচনা হবে। কর ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সরকারি ব্যয় বরাদ্দের বাড়ানোর বিষয়ে স্কটল্যান্ডের নিয়ন্ত্রণ বাড়ানো এর অন্যতম। এ ছাড়া বিকেন্দ্রীকরণ আইনের খসড়া আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রস্তুত হতে পারে। গণভোটের আগে এক বিতর্ক অনুষ্ঠানে স্বল্প সময়ের মধ্যে এত কিছু করার প্রতিশ্রুতি করেছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।

এর সমালোচনা করে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলা ম্যাকইউয়েন চলতি মাসে তাঁর ব্লগে লেখেন, ‘নতুন আইনের জন্য তাড়াহুড়ো করলে সাময়িক সময়ের জন্য জনপ্রিয়তা পাওয়া যেতে পারে, কিন্তু এটি দীর্ঘায়িত কোনো সমাধান বয়ে আনবে বলে মনে হয় না।’
গণভোটের আগে গত রোববার যুক্তরাজ্যের দৈনিক অবজারভার পত্রিকায় রাজনৈতিক বিশ্লেষক অ্যান্ড্রু রনস্লে লিখেছিলেন, ‘“হ্যাঁ” পক্ষ যদি হেরেও যায়, স্যালমন্ড তার পরও জিতবেন। অখণ্ড যুক্তরাজ্যের পক্ষটি জিতলে সাময়িক উপশম হবে বটে, তবে এ বিতর্কের এখানেই শেষ হবে না।’