'পূর্বাঞ্চলীয় অংশীদারত্ব' বজায় রাখার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ ঘোষণার মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ছয়টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নেতারা গতকাল শুক্রবার লাটভিয়ার রিগায় শীর্ষ সম্মেলন শেষ করেছেন। এ ঘোষণায় বিভিন্ন মূল বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘পূর্বাঞ্চলীয় অংশীদারত্ব’ বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে। খবর রয়টার্সের।
গৃহীত ঘোষণাপত্রে গত বছর রাশিয়ার ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেওয়ার বিষয়টি খুব কায়দা করে উপস্থাপন করা হয়েছে যা ইউক্রেন, আর্মেনিয়া ও বেলারুশকে সন্তুষ্ট করেছে। পরের দেশ দুটি এ বিষয়ে জাতিসংঘে অনুষ্ঠিত ভোটে রাশিয়াকে সমর্থন দিয়েছিল।
ভিলনিয়াসে দেড় বছর আগে এ ফোরামেরই বৈঠকে রাশিয়াকে নিয়ে পাশ্চাত্য ও প্রাচ্যের সংঘাত শুরু হয়েছিল। দৃশ্যত সে স্মৃতি থেকেই এবারের ঘোষণাপত্রে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়।
সম্মেলন শেষ হওয়ার পর ঘোষণার একটি বাক্যের বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্টের আপত্তির কারণে সংবাদ সম্মেলন এক ঘণ্টা বিলম্বিত হয়। বিষয়টি ছিল নাগরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে সংঘাত প্রসঙ্গে। সম্মেলনের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক সংবাদ সম্মেলনে বলেন, এসব মতপার্থক্য তেমন বড় কিছু নয়। তিনি বলেন, ইইউ জোট যে ছয়টি সহযোগী দেশের সঙ্গে ভিন্ন ভিন্ন পন্থায় এগোচ্ছে এটা তারই প্রতিফলন। তিনি বলেন, পশ্চিমা জোট ইইউতে যোগ দেওয়ার জন্য তাদের উদ্দেশ্য পরস্পরের চেয়ে একেবারেই আলাদা।
ছয়টি সাবেক সোভিয়েত দেশের মধ্যে ইউক্রেন, জর্জিয়া ও মলদোভা ইইউর সঙ্গে ঘনিষ্ঠতর সম্পর্কের জন্য জোর চেষ্টা করছে। আজারবাইজানের অবস্থান তুলনামূলকভাবে নিরপেক্ষ। আর আর্মেনিয়া ও বেলারুশ মস্কোর সঙ্গে মিল রাখার আগ্রহ দেখিয়ে আসছে।