'বিভক্ত' তুরস্কের জন্য কোনো আশা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্তাম্বুলে নাইট ক্লাবে হামলার পর আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে l রয়টার্স
ইস্তাম্বুলে নাইট ক্লাবে হামলার পর আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে l রয়টার্স

তুর্কি ক্লাব ফুটবল বেসিকতাসের সমর্থক ছিলেন কাদরিয়ে ওনচুর ছেলে তুঙ্ক। তাঁর ঘরভর্তি বেসিকতাসের পতাকা, জার্সি আর পোস্টারে। গত ডিসেম্বরে ইস্তাম্বুলে বেসিকতাস ও বার্সাসপরের মধ্যে সুপার লিগ ম্যাচ হয়। সেই খেলা দেখতে মাঠে হাজির ছিলেন তুঙ্ক। খেলার পরই মাঠের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। তার এক মিনিটেরও কম সময় পর আবার কাছেরই এক পার্কে ঘটে আত্মঘাতী বোমা হামলা। সে হামলায় নিহত হন ফুটবলপাগল তুঙ্ক।
সন্তানের নিহত হওয়ার খবর শুনে মূর্ছা গিয়েছিলেন কাদরিয়ে ওনচু। জ্ঞান ফিরে ছেলের লাশ দেখতে যান হাসপাতালের মর্গে। ওই ঘটনার পর তাঁর প্রার্থনা ছিল, তুরস্কে আর কোনো বাবা-মাকে যেন সন্তানের এমন পরিণতি দেখতে না হয়। কিন্তু এ ধরনের প্রার্থনা বৃথা যাচ্ছেই বলে মনে হয়। ইস্তাম্বুলের স্টেডিয়ামে হামলার রেশ কাটতে না কাটতেই আবার আক্রান্ত হয় তুরস্কের মানুষ। আনাতোলিয়ার কায়সেরি শহরে হামলায় নিহত হন ১৩ জন সেনাসদস্য। ইস্তাম্বুলের নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৯ জন নিহত হওয়ার ঘটনা এ তালিকার সর্বশেষ সংযোজন।
মনে হচ্ছে সহিংসতার চক্রেই ঘুরপাক খাচ্ছে তুরস্ক। বিদায়ী ২০১৬ সাল সম্ভবত ছিল আধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে উত্তাল ও সহিংসতাপূর্ণ বছর। গেল বছর সিরিয়া সংঘাতে নিজেদের জড়িয়ে এবং সে দেশে স্থল অভিযান চালিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে ফেলে তুর্কি সরকার। একদিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের হামলা লেগেই ছিল। এর সঙ্গে যোগ হয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলা।
২০১৫ সালে কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকের সঙ্গে তুরস্ক সরকারের যুদ্ধবিরতি ভন্ডুল হয়ে যাওয়ার পর থেকে একের পর এক হামলা চালিয়েছে সংগঠনটি। তাদের হামলার মূল লক্ষ্য তুরস্কের সেনা ও পুলিশ সদস্য। এ ছাড়া গত জুনে ইস্তাম্বুল বিমানবন্দরে ও গাজিয়ানতেপ শহরে বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় আইএস।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হিসাবে, সদ্য বিদায় নেওয়া ২০১৬ সালে তুরস্কে সহিংসতায় আড়াই হাজার লোক মারা গেছে। ভিটেমাটি ছাড়া হয়েছে ৫০ হাজারের বেশি লোক। তুর্কি কর্তৃপক্ষ বলছে, গত বছর কুর্দি উগ্রবাদী ও আইএস মিলে কমপক্ষে ২২টি হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ৩৬০ জন।
তুরস্কের কুর্দি সম্প্রদায়ের অনেকে বঞ্চনার শিকার হয়ে উগ্রবাদে জড়াচ্ছে বলে মনে করা হয়। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সংগঠনকে বিবেচনা করে সন্ত্রাসবাদী হিসেবে। কিন্তু কুর্দিরা মনে করে, তারা স্বাধিকার আদায়ের লড়াই করছে।
গত ১৫ জুলাই তুরস্কে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হয় ২৬৫ জন। এরদোয়ান সরকার যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা তুর্কি ধর্ম প্রচারক ফেতুল্লাহ গুলেনকে এ জন্য দায়ী করে। গুলেন অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
তা ভয়াবহ একটি বছর পেছনে ফেলে নতুন বছরে কেমন করবে তুরস্ক? তুরস্ক নিঃসন্দেহে এক সাহসী দেশ। তবে এখন উদ্বিগ্ন ও বিভক্তও বটে। নতুন বছরে সাংবিধানিক পরিবর্তন এনে নিজের ক্ষমতা আরও সুদৃঢ় করতে চাইবেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি চাইবেন স্থিতি ফিরিয়ে আনতে। কিন্তু তাঁর পদক্ষেপে উল্টো ফলও হতে পারে। বাড়তে পারে সংঘাত ও বিভেদ।
তুরস্কের জন্য তাই বেদনাদায়ক ২০১৬ পেরিয়ে নতুন বছরে দারুণ কিছু প্রত্যাশা করা সত্যিই কষ্টসাধ্য।