'ব্রেক্সিট'-এর বিজয়ের আট কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষ সমর্থনকারীদের জয়ের ৮ কারণ:

১ অর্থনৈতিক হুঁশিয়ারি ধোপে টেকেনি: যুক্তরাজ্যের জনগণকে নানাভাবে ভয় দেখানো হয়েছিল যে ইইউ ছাড়ার পক্ষে ভোট দিলে তাঁরা আরও দরিদ্র হয়ে পড়বেন। কিন্তু এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ‘ব্রেক্সিট’-এর বিরোধীরা। আইএমএফ ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও বলেছিল, ইইউ ছাড়লে ব্রিটিশ ব্যবসার ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। কিন্তু ইইউ ছাড়ার পক্ষপাতীরা এসব হুমকি উড়িয়ে দিয়ে জনগণকে বোঝাতে সফল হন, নিজের অর্থনীতি সামলানোর সামর্থ্য যুক্তরাজ্যের আছে।

২ স্বাস্থ্যসেবায় বাড়তি ৩৫ কোটি পাউন্ড জোগানের তথ্য: ইইউ ছাড়লে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের খরচের জন্য প্রতি সপ্তাহে বাড়তি ৩৫ কোটি ব্রিটিশ পাউন্ড (৪৮ কোটি মার্কিন ডলারের বেশি) পাওয়া যাবে বলে ‘ব্রেক্সিট’পন্থী নেতারা প্রচার চালান। ভোটারদের সহজে আকৃষ্ট করতে এই স্লোগান বেশ কাজে লেগেছে। তবে এই দাবি কতটা যৌক্তিক, তা বিশদভাবে যাচাই করা হয়নি। 

৩ অভিবাসন সমস্যাই যখন নির্ণায়ক: ‘ব্রেক্সিট’-পন্থীরা অভিবাসন সমস্যাটিকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন। জাতীয় ও সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে এটা অনেক প্রশ্নের জন্ম দেয়—বিশেষ করে নিম্ন আয়ের লোকজনের মধ্যে। তাঁদের বোঝানো হয়, ইইউর সঙ্গে থাকলে যুক্তরাজ্যে অভিবাসনপ্রত্যাশী জনস্রোত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

৪ জনগণ ক্যামেরনের কথায় কান দেয়নি: ইইউতে থাকার পক্ষে আন্দোলনে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু সর্বস্তরের জনগণ তাঁর আহ্বানে তেমন সাড়া দেয়নি এবং তিনি দেশবাসীকে এই গণভোটের বিষয়ে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন।

৫ লেবার পার্টির জনসংযোগে ব্যর্থতা: ‘ব্রেক্সিট’বিরোধী প্রচারণায় যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির সমর্থকদের কাছে টানা জরুরি ছিল। দলটির ৯০ শতাংশ আইনপ্রণেতা ইইউতে থাকার পক্ষে থাকলেও সমর্থকদের ভোটে তার প্রতিফলন ঘটেনি। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং লন্ডনের মেয়র সাদিক খানের প্রচার কার্যক্রমেও সাফল্য আসেনি।

৬ দুই নেতার অবস্থান: ব্রিটিশ মন্ত্রিসভার কয়েকজন ‘ব্রেক্সিট’-এর পক্ষে প্রকাশ্য সমর্থন দিলেও মাইকেল গোভ ও বরিস জনসনের সক্রিয় সমর্থন প্রচারকে অনেক এগিয়ে দেয়। এ ক্ষেত্রে গোভের প্রভাবই ছিল বেশি।

৭ প্রবীণ ভোটারদের ভিড়: এবারের গণভোটে যুক্তরাজ্যের প্রবীণ ভোটারদের উপস্থিতি বেশি ছিল। বিশেষজ্ঞরা বলেন, বেশি বয়সী নাগরিকেরা ইইউ ছাড়ার পক্ষে মত দিয়েছেন—বিশেষত দেশের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, মিডল্যান্ডস এবং উত্তর-পূর্বাঞ্চলে।

৮ ইউরোপ সব সময়ই কিছুটা দূরের: বাকি ইউরোপের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কখনোই সহজ বা স্থিতিশীল ছিল না। দেশটি ইউরোপিয়ান কমিউনিটিতে যোগ দিতেও বহু বছর সময় নিয়েছিল। ইইউতে যুক্ত হওয়ার পরও ওই জোটের ব্যাপারে যুক্তরাজ্যের জনগণের অনেকে সন্দিহান ছিল। ঐক্যবদ্ধ ইউরোপের ধারণার প্রতি তাঁদের এ অনাস্থার প্রতিফলনই ঘটেছে এবারের গণভোটে।