'মাত্র মিনিট পাঁচেকের খাঁটি আতঙ্ক'

গ্রীষ্মের বিকেলের কোমল রোদ তখন খেলা করছিল বিশ্ববিখ্যাত লা র্যাম্বলাস এলাকায় লাগানো সারিবদ্ধ গাছের সবুজ পাতায়। চারপাশে মানুষের ভিড়, ক্যাফেগুলোতে মক্কেলদের কোলাহল। হঠাৎ চেনা ছন্দে চলা জীবনের ছন্দপতন ঘটে একটি ভাড়া করা ফিয়াট ব্র্যান্ডের ভ্যানের গর্জনে।
চালক খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন গাড়িটি। প্রচণ্ড গতিতে রাস্তায় থাকা প্রতিবন্ধকের ওপরে উঠে যায় তা। তবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়নি। ঠিক তাৎক্ষণিকভাবেই একের পর এক মানুষকে হত্যা ও পঙ্গু করতে শুরু করে গাড়িটি।
৩৪ বছর বয়সী কার্লোস টেনা বার্সেলোনা শহরেরই একজন স্থানীয় অধিবাসী। তিনি বলেন, ‘ভ্যানটি স্রেফ মানুষকে পিষে ফেলছিল। চাষের খেতে মানুষ যেভাবে গাড়ি চালায়, সেভাবেই একবার ডানে, একবার বাঁয়ে যাচ্ছিল চালক।’ প্রায় ১ হাজার ৬০০ ফুট পর্যন্ত চলেছিল গাড়িটি। থেমে যাওয়ার পর গাড়িটি থেকে নেমে হেঁটেই পালিয়ে যায় চালক।
রাস্তায় তখন অনেক মানুষের রক্তাক্ত দেহ। কার্লোস বলেন, ‘আমি একটি ছোট্ট ছেলেকে খুব খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখি। সে তাঁর মায়ের সঙ্গে শুয়ে ছিল। একদমই নড়াচড়া করছিল না ছেলেটি। তাঁর মায়েরও কথা বলার মতো অবস্থা ছিল না। শুধু চোখ দিয়ে ইশারা করলেন সাহায্যের জন্য। আমার হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমি এখনো বুঝতে পারছি না যে কী দেখেছি।’
বার্সেলোনার সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর এলাকার একটি হলো লা র্যাম্বলাস। ২০০৪ সালের পর থেকে এটিই স্পেনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। ২০০৪ সালে মাদ্রিদ রেল-ব্যবস্থায় বোমা বিস্ফোরণের ঘটনায় ১৯২ জন নিহত ও দুই হাজার মানুষ আহত হয়েছিল। এবারের গাড়ি দিয়ে হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
বার্সেলোনায় ঘটে যাওয়া গত বৃহস্পতিবারের এই হত্যাকাণ্ড ইউরোপের শহুরে জীবনকেন্দ্রিক একটি নতুন বাস্তবতাও দেখিয়ে দিয়েছে। এখন নিতান্ত সাধারণ গাড়িও হুট করে গণহত্যার মারাত্মক অস্ত্রে পরিণত হতে পারে।
২০১৬ সালের জুলাই মাস থেকে ইউরোপের নিস, বার্লিন, স্টকহোম ও লন্ডনে শুধু গাড়ি দিয়েই হামলা হয়েছে। সর্বশেষ সংযোজন বার্সেলোনা। ইউরোপজুড়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে এসব হামলা প্রতিহত করা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশের নিরাপত্তা বাহিনী বলছে, জনবহুল এলাকায় অসংখ্য গাড়ির যাত্রী ও চালকদের জনে জনে তল্লাশি করা তো সম্ভব নয়।
বৃহস্পতিবারের হামলার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, চালকের চেয়ে গাড়িতেই এখন ভয় বেশি তাঁদের। ঘটনার পর থেকেই গাড়ি এখন তাঁদের কাছে সাক্ষাৎ যমদূত!
৫১ বছর বয়সী হোসে মোয়া একটি ফুলের দোকানে কাজ করেন। হামলার ঘটনা খুব কাছ থেকে দেখেছেন তিনি। হোসে বলেন, ‘এটি প্রায় আমার গা ঘেঁষে চলে গেছে। মানুষের ভিড় দেখে গাড়ির গতি আরও বেড়ে যায়। ধাক্কা খেয়ে মানুষ উড়ে উড়ে পড়ছিল।’ গতকাল সকালে এই কথাগুলো যখন বলছিলেন, হোসে মোয়া তখন আতঙ্কে থরথর করে কাঁপছিলেন।
গাড়ি দিয়ে হামলার সময় আতঙ্কে মানুষের ছোটাছুটি শুরু হয়ে যায়। পুলিশ সদস্যরাও কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন। তাঁরা চিৎকার করে মানুষকে লুকিয়ে পড়তে বলছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা। প্রায় এক ঘণ্টা ধরে এই লুকোচুরি চলেছিল। কেউই বুঝতে পারছিলেন না কী ঘটছে।
তবে এই আকস্মিক ঘটনার শুরুতে কিছু গুজব ছড়িয়ে পড়েছিল। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে প্রাথমিকভাবে কয়েকজন মানুষকে জিম্মি করার কথা বলা হচ্ছিল। পরে অবশ্য জানা যায় যে এসব খবর সত্য নয়।
১৮ বছর ধরে বার্সেলোনায় থাকছেন ভারতীয় বংশোদ্ভূত রাজেশ কুমার সাধানি (৪৮)। ছয় বছর ধরে লা র্যাম্বলাসে একটি অলংকারের দোকানে কাজ করছেন তিনি। যখন হামলা শুরু হয়, তখন তিনি মক্কেলদের সামলাচ্ছিলেন। একটি বিকট শব্দ শোনার পরপরই দেখতে পান শত শত মানুষের দৌড়াদৌড়ি।

সহকর্মীদের নিয়ে মোট ১৫ জন মানুষকে আশ্রয় দিয়েছিলেন রাজেশ। তাঁর মতে, ভয় কাটিয়ে নিত্যদিনের কাজে ফেরা উচিত মানুষের। তবেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।
রাজেশের মতো বার্সেলোনার অনেক অধিবাসীর মধ্যেই এখন এই মনোভাব ছড়িয়ে পড়েছে। তাই এক দিনের ব্যবধানেই লা র্যাম্বলাসে আবার পর্যটক ও স্থানীয় মানুষের চিরাচরিত ভিড় দেখা গেছে। দেখে বোঝারই সাধ্য নেই যে ২৪ ঘণ্টা আগেই এখানে ঘটে গেছে সন্ত্রাসী হামলা।
বিংশ শতাব্দীর শুরুর দিকে স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা লা র্যাম্বলাস নিয়ে কয়েক লাইন লিখেছিলেন। তিনি বলেছিলেন, ‘এটিই বিশ্বের একমাত্র রাস্তা, যা দেখলে আমার মনে হয়, এটি যেন কখনো শেষ না হয়।’ বেশির ভাগ স্থানীয় মানুষ এই কথার সঙ্গে পুরোপুরি একমত।
দ্য ওয়াশিংটন পোস্ট অবলম্বনে অর্ণব সান্যাল