
মুসলিমরাই ধর্মান্ধতার প্রধান শিকার বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গতকাল বৃহস্পতিবার প্যারিসে আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে এ কথা বলেন ওলাঁদ। তিনি এ সময় বলেন, ফ্রান্স সব ধর্মকেই সুরক্ষা দেবে। খবর এএফপি ও বিবিসির।
ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ইসলাম গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ। প্যারিসে বিতর্কিত রম্য সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে উগ্রপন্থীদের হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করায় আরব দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি।
সন্ত্রাসবাদের মুখে ফরাসিরা ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে অনুষ্ঠানে ওলাঁদ বলেন, ‘অন্য ফরাসিদের অধিকার যতটুকু, ফরাসি মুসলিমদেরও ততটুকুই অধিকার রয়েছে। তাদের সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে আমাদের। গির্জা, মসজিদ, সিনাগগসহ সব ধর্মীয় উপাসনালয়েই আইনকে সে জন্য দৃঢ়ভাবে প্রয়োগ করতে হবে। মুসলিমবিদ্বেষী ও ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডকে নিন্দা জানাতে হবে এবং শাস্তি দিতে হবে।’
ইসলামি চরমপন্থা বৈপরীত্য, দারিদ্র্য, বৈষম্য ও দ্বন্দ্বের ইন্ধন জুগিয়েছে মন্তব্য করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ধর্মান্ধতা, মৌলবাদ ও অসহিষ্ণুতার প্রধান শিকার মুসলিমরাই।’
এর আগে এক বিবৃতিতে ওলাঁদ হামলার ঘটনার পর শার্লি এবদোর প্রথম সংখ্যাটি ব্যাপক সংখ্যায় বিক্রি হওয়ার ঘটনাকে পত্রিকাটির ‘পুনর্জন্ম’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ‘শার্লি এবদো বেঁচে আছে, থাকবে।’
শার্লি এবদোর গত বুধবারের সংখ্যাটি তিন দফায় মুদ্রণ বাড়িয়ে ৫০ লাখ কপি ছাপা হয়েছে। প্রথম ১০ লাখ কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। সাধারণত এটি ছাপা হতো ৬০ হাজার কপি। পত্রিকাটি ইসলামসহ বিভিন্ন ধর্ম নিয়ে ব্যঙ্গ করার জন্য বিতর্কিত।
শার্লি এবদোর প্যারিসের কার্যালয়ে ৭ জানুয়ারি তিন মুসলিম যুবক সশস্ত্র হামলা চালিয়ে আট সাংবাদিকসহ ১২ জনকে হত্যা করে। হামলাকারীরা ঘটনার সময় চিৎকার করে বলে, মহানবী (সা.)-এর অবমাননার প্রতিশোধ নিতেই তারা হামলা চালিয়েছে। আল-কায়েদার ইয়েমেনি শাখা গত বুধবার এক ভিডিওবার্তায় হামলার দায় স্বীকার করে।
মহানবী (সা.)-এর কার্টুনের নিন্দা: তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু গতকাল বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার অর্থ কাউকে অপমান করার স্বাধীনতা নয়। ফরাসি পত্রিকাটির কার্টুন প্রকাশের নিন্দা জানিয়ে তিনি বলেন, তুরস্ক মহানবী (সা.)-এর অবমাননা সহ্য করবে না। শার্লি এবদোর নিন্দা করে গতকাল প্রস্তাব পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট। কার্টুনটি পুনর্মুদ্রণ করায় পাশ্চাত্যের প্রচারমাধ্যমের নিন্দাও করা হয় প্রস্তাবে। পাকিস্তানের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। এদিকে শার্লি এবদো কার্যালয়ে হামলাকারীদের প্রশংসা করেছে আফগানিস্তানের তালেবান। গতকাল দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, ওই বন্দুকধারীরা ‘নোংরা কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করেছে’।
শেষকৃত্য অনুষ্ঠিত: শার্লি এবদো কার্যালয়ে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে গতকাল। স্বজন ও বন্ধুরা দুইজন কার্টুনিস্ট, একজন কলাম লেখক ও এক পুলিশ সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানান।