'যখন আপনারা থামবেন তখন আমরাও থামব'
ফ্রান্সের নরম্যান্ডিতে গির্জায় ধর্মযাজককে গলা কেটে হত্যার পর সেখানে এক নানের সঙ্গে ধর্ম আলোচনাও করেন এক হামলাকারী। তিনি ওই নানকে বলেন, ‘সিরিয়ায় যত দিন বোমা হামলা চলবে, তত দিন আমরাও আমাদের হামলা অব্যাহত রাখব। প্রতিদিনই হামলা হবে। যখন আপনারা থামবেন, তখন আমরাও থামব।’
সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে হটাতে দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে পশ্চিমা জোট। এই জোটের অন্যতম শরিক হিসেবে ফ্রান্সও ওই হামলায় সক্রিয় অংশ নিচ্ছে।
যাজককে হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী গির্জার দুই নান। তাদের একজন হুগুয়েত্তে পেরনের একটি সাক্ষাৎকার গত শুক্রবার প্রকাশ করেছে ক্যাথলিক খ্রিষ্টানদের সংবাদপত্র লা ভিয়ে। পেরন বলেন, ফাদার জ্যাকুয়েস হামেলকে হত্যার পর এক হামলাকারীকে দেখে সন্তুষ্ট মনে হচ্ছিল। তিনি বলেন, ‘আমি তাকে হাসতে দেখলাম। সে হাসি জয়ের নয়, প্রশান্তির ছিল।’
গির্জায় হামলা চালানো দুই তরুণের নাম আবদেল মালিক পেতিতজিন ও আদেল কারমিশে। দুজনেরই বয়স ১৯ বছর। নিজেদের তাঁরা আইএসের অনুগত বলে দাবি করেছিলেন। পুলিশের অভিযানে দুই হামলাকারীরই মৃত্যু হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে হুগুয়েত্তে পেরন বলেন, গির্জায় হামলা হওয়ার পরপরই একজন নান পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। আর গির্জায় থেকে যান তিনিসহ দুই নান। দুজনেরই বয়স আশির কোঠায়। একপর্যায়ে অপর নান সিস্টার হেলেনে ক্লান্ত হয়ে পড়লে তাঁকে বসার অনুমতি দেন এক হামলাকারী। এরপর তাঁর সঙ্গে ধর্ম বিষয়ে আলোচনা শুরু করেন তিনি। জবাবে সিস্টার হেলেনে বলেন, ‘আমি কোরআনকে ততটাই শ্রদ্ধা করি, যতটা বাইবেলকে করি। শান্তির বাণী প্রচার করা কোরআনের কয়েকটি সুরা আমার হৃদয়কে নাড়া দিয়েছে।’