ফরাসি কথাশিল্পী পাত্রিক মোদিয়ানো। ‘স্মৃতির শিল্প’, আত্মপরিচয়ের বিভ্রান্তি ও অনুসন্ধান তাঁর লেখায় ঘুরেফিরে আসে। বিভিন্ন উপন্যাসে তিনি নিপুণভাবে তুলে ধরেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নাৎসি বাহিনীর দখলদারির অধীনে ফ্রান্সের সাধারণ মানুষের জীবনের গল্প। দীর্ঘ লেখকজীবনের সবচেয়ে বড় স্বীকৃতি হিসেবে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন। এ ঘোষণার পরপরই নোবেল মিডিয়ার পক্ষ থেকে তাঁর সঙ্গে গত বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেন এলিন হার্নমার্ক। নোবেলপ্রাইজ ডট ওআরজিতে প্রকাশিত সেই আলাপচারিতার অনুবাদ (আক্ষরিক নয়) প্রকাশ করা হলো:

পাত্রিক: হ্যালো।
এলিন: হ্যাঁ, হ্যালো, নোবেল পুরস্কার পাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন।
পাত্রিক: অনেক ধন্যবাদ। আমি আপ্লুত বোধ করছি।
এলিন: আমার নাম এলিন। নোবেলপ্রাইজ ডট ওআরজি থেকে বলছি। কিছু প্রশ্ন করার জন্য সময় দিয়েছেন বলে আপনাকে ধন্যবাদ।
পাত্রিক: ও, হ্যাঁ, হ্যাঁ।
এলিন: খবরটা যখন শুনলেন, তখন আপনি কোথায় ছিলেন?
পাত্রিক: আমি আসলে রাস্তায় ছিলাম। হ্যাঁ, রাস্তায়ই ছিলাম। আমার মেয়ে আমাকে খবরটা দেয়।
এলিন: ও, আপনার মেয়ে আপনাকে মুঠোফোনে কল করেছিলেন?
পাত্রিক: হ্যাঁ, হ্যাঁ। আমি খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ব্যাপারটা আমাকে আরও বেশি আনন্দ দিয়েছে এ জন্য যে আমার একটা সুইডিশ নাতি আছে।
এলিন: আপনি তখন কোথায় ছিলেন, প্যারিসের কেন্দ্রস্থলে? কোন রাস্তাটায়?
পাত্রিক: ওহ্, আমি ঠিক জাহ্দাঁ দো লুক্সমবুর্গের কাছেই ছিলাম।
এলিন: বাহ্, বেশ। নোবেল পুরস্কারপ্রাপ্তিকে আপনি কীভাবে দেখেন, এই পুরস্কারের তাৎপর্য কী?
পাত্রিক: প্রথমে...এটা এত অপ্রত্যাশিত। এটা এমন কিছু যা আমি কখনো পাব বলে ভাবিনি...। ব্যাপারটা সত্যিই আমাকে আপ্লুত করেছে। এটা আমাকে আবেগপ্রবণ করেছে।
এলিন: আপনি দীর্ঘকাল ধরে লিখছেন। কেন আপনি লিখেন?
পাত্রিক: বেশ, আমি খুব আগে শুরু করেছিলাম। তখন আমার বয়স কুড়ি বছরের ঘরে। তারপর লম্বা সময় পেরিয়ে এখনকার অবস্থানে। লেখার কাজটা অনেকটা প্রাকৃতিক ব্যাপার, যেন আমার জীবনেরই একটা অংশ।
এলিন: আপনি ২০ থেকে ৩০টি বই লিখেছেন। এসবের মধ্যে নির্দিষ্ট করে কোনো বই কি আছে, যা আপনাকে তুলনামূলক বেশি আনন্দ দিয়েছে, যা আপনার অন্যান্য বইয়ের চেয়ে বেশি কিছু তাৎপর্য বহন করে?
পাত্রিক: শুনুন, এটা বলা কঠিন। আমার সব সময় এমন অনুভূতি হয়, যেন একটি বইই লিখে চলেছি। এর মানে, প্রায় ৪৫ বছর ধরে আমি বিচ্ছিন্নভাবে একই বই লিখে যাচ্ছি। পাঠকদের মনে কী আছে, তা তো আসলে জানি না।
এলিন: এখন আপনি বিশ্ববিখ্যাত। তাই আপনার নতুন পাঠকদের কোন বইটি পড়তে বলবেন?
পাত্রিক: সর্বশেষ প্রকাশিত বইটির প্রতি আমি বিশেষ অনুভূতিশীল।
এলিন: কী নাম বইটির?
পাত্রিক: এটির নাম পুহ্ কো তু নো তো পেহ্দ্ পা দো লো কাখ্তিয়েহ্ (ইংরেজি অনুবাদে ‘সো দ্যাট ইউ ডোন্ট গেট লস্ট ইন দ্য নেইবারহুড’)। এটা পারিপার্শ্বিক অবস্থায় লক্ষ্য হারিয়ে ফেলার বিষয় নিয়ে লেখা। আমি এই বই পড়ার পরামর্শ দেব এ জন্য যে এটি আপনাকে দেবে...
এলিন: আরও বই পড়ার ইচ্ছা?
পাত্রিক: হ্যাঁ, ঠিক তাই।
এলিন: আপনি কি আজ রাতে পরিবারের সবাইকে নিয়ে এই আনন্দের উপলক্ষ উদ্যাপন করবেন?
পাত্রিক: হ্যাঁ, হ্যাঁ। আমি পরিবারের সবার সঙ্গ চাই। আর আমার সুইডিশ নাতিটা আমাকে এত বেশি আনন্দ ও ভালোবাসা দেয়। পুরস্কারটা আমি ওকেই উৎসর্গ করছি। সর্বোপরি, এটা ওর দেশ থেকেই এসেছে।
এলিন: ডিসেম্বরে সুইডেনে আসবেন তো?
পাত্রিক: হ্যাঁ, নিশ্চয়ই।
এলিন: সপরিবারে?
পাত্রিক: হ্যাঁ, হ্যাঁ (হাসি)।
এলিন: আপনার পরিবারটা কি বেশ বড়?
পাত্রিক: না, সে রকম নয়। আমার দুই মেয়ে আর এক নাতি। তাই বিশাল পরিবার বলা যায় না।
এলিন: অনেক ধন্যবাদ আপনাকে এবং আবারও অভিবাদন।
পাত্রিক: ধন্যবাদ। আশা করি আপনাকে যা বলেছি, খুব বিভ্রান্তিকর ছিল না?
এলিন: না, না, মোটেও না। সন্ধ্যাটা সুন্দর হোক এবং সুইডেন ও নোবেলপ্রাইজ ডট ওআরজির পক্ষ থেকে আপনাকে আবারও উষ্ণ শুভেচ্ছা।
পাত্রিক: আমি সত্যিই অনেক আবেগাপ্লুত।