
‘চারপাশে ছিল উৎসবমুখর পরিবেশ। লোকজন হইহল্লা করছিল। আচমকা বিস্ফোরণ কিংবা কোনো কিছু বিধ্বস্ত হওয়ার মতো একটা বিকট আওয়াজ শুনলাম। পরক্ষণেই মানুষের চিৎকার, কান্না ও গোঙানির শব্দ। আতঙ্কগ্রস্ত মানুষের ছোটাছুটি আর তুমুল আর্তনাদ। যেন নরক নেমে এসেছিল।’
নিসের হামলা থেকে বেঁচে যাওয়া রয় কেলি এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন। সৈকতসংলগ্ন যে প্রশস্ত সড়কে এই ঘটনা ঘটেছে, তার মাত্র দুই শ মিটার দূরে ছিলেন তিনি। কেলি বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন গোলাগুলি হচ্ছে। পরিস্থিতি বুঝতে তাঁর বেশ খানিকক্ষণ সময় লেগে যায়।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রযোজক ডেভিড কোডিও ঘটনার সময় সেখানে ছিলেন। তিনি বলেন, বেপরোয়া ট্রাকের হাত থেকে বাঁচতে লোকজন উদ্ভ্রান্তের মতো ছুটছিল। নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন দোকানপাটে ঢোকার চেষ্টা করছিল তারা।
এএফপির সংবাদদাতা রবার্ট হলওয়ে বলেন, তিনি সেখানে ছিলেন। হামলাকারী প্রচণ্ড বেগে জনতার ওপর ট্রাক চালিয়ে দিলে লোকজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। গাড়ির তোড় আর মানুষের বিক্ষিপ্ত ছোটাছুটিতে নানা ধরনের জঞ্জাল ও বিভিন্ন জিনিসের ভগ্নাংশ চোখেমুখে উড়ে আসতে থাকে।
নাদের এল শাফি নামের একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, পুলিশের সঙ্গে হামলাকারীর চূড়ান্ত গোলাগুলি শুরুর আগে খুব কাছ থেকে মিনিট খানেক ধরে তিনি হামলাকারীকে দেখছিলেন।
এল শাফি বলেন, ‘শুরুতে ভেবেছিলাম এটা নেহাতই একটা দুর্ঘটনা। কিন্তু পরে দেখলাম লোকটা তাঁর বন্দুক বের করে এগোতে থাকা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে।’ শাফি আরও বলেন, ‘তাকে আমি প্রায় এক মিনিট ধরে দেখছিলাম। বলা যায় মুখোমুখি। কিন্তু সে আমার দিকে তাকাচ্ছিল না। তার চোখ ছিল বাইরের দিকে। তাকে খুবই নার্ভাস লাগছিল।’
উত্তর আয়ারল্যান্ড থেকে উৎসবে যোগ দিতে আসা প্যাডি ম্যুলান বলেন, তিনি এ ধরনের ঘটনা জীবনে দেখেননি। ম্যুলান আরও বলেন, ‘ট্রাকটি আচমকা কোত্থেকে এসে জনতাকে মাড়িয়ে যাওয়া শুরু করল। প্রথমে বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। লোকজন এভাবে চেঁচাচ্ছে কেন। কয়েক মুহূর্ত পরে ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে দৌড়ে পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিই।’
স্থানীয় সাংবাদিক দামিয়াঁ আলমাঁ বলেন, ‘সর্বোচ্চসংখ্যক মানুষের প্রাণহানি ঘটানোর জন্যই দানবের মতো ধেয়ে আসছিল সাদা ট্রাকটি। গাড়ির ধাক্কায় আলপিনের মতো মানুষ ছিটকে পড়ছিল।’
নিস শহরের বাসিন্দা ওয়াসিম বুলেল বলেন, ‘রাস্তাজুড়ে ধ্বংসযজ্ঞ চলে। এখানে-সেখানে শুধু লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল।’
স্কাই নিউজকে লুসি নেসবিট কোমাস্কি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের সঙ্গে হামলাকারীর শেষ গোলাগুলির সময় তাঁর বৈরুতের এক সন্ত্রাসী হামলার কথা মনে হচ্ছিল।