'যৌক্তিক সংস্কার' প্রস্তাবের আশ্বাস দিলেন সিপ্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস আজ বৃহস্পতিবারের মধ্যে একটি ‘যৌক্তিক সংস্কার’ প্রস্তাব দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় নেতাদের। গ্রিসের গুরুতর ঋণ সমস্যা নিয়ে গতকাল বুধবার ইউরোপীয় পার্লামেন্টে প্রচণ্ড বিতর্ক হয়। এতে অংশ নিয়ে ইউরো জোনে থাকতে মরিয়া সিপ্রাস ‘ইউরোপের ভাঙন রোধ করতেও’ আবেগপূর্ণ আহ্বান জানান। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
প্রধানমন্ত্রী সিপ্রাস ইউরোপীয় পার্লামেন্টে বলেন, ‘বর্তমান সমস্যার নিরপেক্ষ এবং যৌক্তিক সমাধানের লক্ষ্যে গ্রিস একটি নতুন সুনির্দিষ্ট প্রস্তাব দেবে। সেখানে সংস্কারের বিষয় থাকবে।’ ইউরোজোনে থাকার ব্যাপারে আগ্রহের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা ইউরোপের ভাঙন রোধ করি।’
আজকের মধ্যে গ্রিসকে অবশ্যই ঋণদাতাদের কাছে একটি ‘গ্রহণযোগ্য’ প্রস্তাব তুলে ধরতে হবে। আগামী রোববার ইইউর পূর্ণাঙ্গ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে কেবল ইউরোজোনের ১৯ দেশই নয়, ইইউর ২৮টি দেশই অংশ নেবে। তার আগেই সেই প্রস্তাব দিতে গ্রিসকে সময় বেঁধে দিয়েছে ঋণদাতারা।
ইইউ পার্লামেন্টের ভাষণে সিপ্রাস দাবি করেন, তাঁরা একটি প্রস্তাব তৈরির কাজ করছেন। তবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
দেউলিয়া হয়ে যাওয়া থেকে রক্ষা এবং ইউরো জোনে থাকতে অর্থনৈতিক পুনরুদ্ধারের (বেইল আউট) তৃতীয় দফা প্রস্তাব দিতে চেষ্টা করছে গ্রিস।
কাল ইইউ পার্লামেন্টে সিপ্রাসকে হর্ষধ্বনি ও দুয়োধ্বনি দুটোই শুনতে হয়। একটি সুনির্দিষ্ট প্রস্তাবের জন্য প্রতিশ্রুতি এবং ইউরোপে বিভক্তি না আনতে আহ্বানের পাশাপাশি ঋণদাতাদের আগের দেওয়া প্রস্তাবের সমালোচনা করতে ছাড়েননি সিপ্রাস। তিনি বলেন, আগের দেওয়া প্রস্তাব গ্রিসকে একটি ‘কৃচ্ছ্রের পরীক্ষাগারে’ পরিণত করেছিল।
গ্রিসের চরম উত্তেজনাপূর্ণ গণভোটে দাতাদের কঠিন কৃচ্ছ্রের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার তিন দিন পরেই গতকাল ইইউ পার্লামেন্টে ভাষণ দিলেন সিপ্রাস। ৫ জুলাইয়ের ওই নির্বাচনে ‘না’-এর পক্ষে ৬১ দশমিক ৩১ শতাংশ ভোট পড়ে। সিপ্রাস এদিকে ইঙ্গিত করে বলেন, ‘গ্রিসের মানুষ জেগে উঠেছে। তারা কী বলে, সেটা আমাদের শুনতে হবে।’
নির্বাচনের ফলাফলে হতবাক ইউরোপ নড়েচড়ে বসে। বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মুদ্রা তহবিল গ্রিসের সহযোগিতায় এগিয়ে আসার প্রস্তাব দেয়। ইউরো জোনের বৈঠক বসে গত মঙ্গলবার। সেই বৈঠকেই নতুন প্রস্তাব দিতে আহ্বান জানানো হয় গ্রিসকে। তবে বৈঠকে কোনো নতুন প্রস্তাব দিতে পারেনি গ্রিস।