'ষড়যন্ত্রকারীদের' ধরতে তুরস্কে জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থকেরা গতকালও ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে সমাবেশ ও মিছিল করেন। দেশটিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রায় প্রতিদিনই সরকার সমর্থকেরা রাজপথে মিছিল-সমাবেশ করছেন l এএফপি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থকেরা গতকালও ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে সমাবেশ ও মিছিল করেন। দেশটিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রায় প্রতিদিনই সরকার সমর্থকেরা রাজপথে মিছিল-সমাবেশ করছেন l এএফপি

তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। অভ্যুত্থানচেষ্টার ‘ষড়যন্ত্রকারীদের’ ধরতে সরকারের ক্ষমতা বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামরিক বাহিনী, বিচার বিভাগ, পুলিশ, গণমাধ্যম, শিক্ষাখাতসহ অভ্যুত্থানচেষ্টায় জড়িত বা স্বেচ্ছানির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সমর্থক সন্দেহে হাজার হাজার ব্যক্তির বিরুদ্ধে চলমান ব্যাপক শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় জরুরি অবস্থা জারি করল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার।

ন্যাটো সদস্যদেশ তুরস্কে গত দেড় দশকে এটাই প্রথম জরুরি অবস্থা জারি। গত শুক্রবারের অভ্যুত্থানচেষ্টার পর গত বুধবার জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে টানা পাঁচ ঘণ্টা বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোয়ান। বৈঠক শেষ করে স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে তিনি জরুরি অবস্থার ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে ক্ষমতাসীন একে পার্টির এক জ্যেষ্ঠ নেতা জরুরি অবস্থার জারির আভাস দিয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি গেজেটের মাধ্যমে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের কথা জানানো হয়। জরুরি অবস্থা জারির লক্ষ্য সম্পর্কে কোনো রাখঢাক না করে প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, দেশজুড়ে নেওয়া এ পদক্ষেপ তুরস্ককে যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সঙ্গে সম্পৃক্ত ‘সন্ত্রাসীদের’ নির্মূলে সক্ষম করবে। ওই ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পেছনে গুলেন দায়ী বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে তুর্কি সরকার।

জরুরি অবস্থা তুরস্কে জনগণের চলাচলের স্বাধীনতা সীমিত করতে সরকারকে বাড়তি ক্ষমতা দেবে উল্লেখ করে একজন কর্মকর্তা জানান, এর আওতায় অর্থনৈতিক বা বাণিজ্যিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হবে না।

এর আগে তুরস্কে সর্বশেষ জরুরি অবস্থা জারি করা হয়েছিল ১৯৮৭ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশে। কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই করাই ছিল এর লক্ষ্য। ২০০২ সালে সেই জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।

এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জরুরি অবস্থার ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট এরদোয়ান বুধবার মধ্যরাতেই পথে অবস্থান নেওয়া জনতার উদ্দেশে ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য দেন। বক্তব্যে তিনি অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আরও অভিযান চালানোর ইঙ্গিত দেন। অভিযানে ইতিমধ্যে সেনাসহ প্রায় ৬০ হাজার লোককে আটক বা চাকরিচ্যুত করা হয়েছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া: তুরস্কে জরুরি অবস্থা জারির প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার জোর দিয়ে বলেছেন, প্রয়োজনীয় সময়ের মধ্যে জরুরি অবস্থা সীমাবদ্ধ রাখা ও পরে তা দ্রুত তুলে নেওয়াটা গুরুত্বপূর্ণ।

এদিকে অস্ট্রিয়া বলেছে, আঙ্কারার ‘ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী’ আচরণ ও সম্প্রতি ভিয়েনায় তুর্কিদের বিক্ষোভ নিয়ে জানতে সে দেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হবে। গতকালই রাষ্ট্রদূতকে তলব করার কথা ছিল।

অভ্যুত্থানচেষ্টার পর তুরস্ক সরকারের আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যদেশটিতে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে। তবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জোর দিয়ে বলেছেন, গণতন্ত্রের সঙ্গে কোনো আপস করা হবে না।

অভ্যুত্থানচেষ্টার পর তুরস্কের গণতন্ত্র আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী বলে গতকাল দাবি করেন দেশটির উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেক। স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। উপপ্রধানমন্ত্রী বলেন, নানা রাজনৈতিক মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে গণতন্ত্রকে এমন মজবুত করা সম্ভব হয়েছে।