কানাডার দুই সেনাসদস্যকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। গাড়িচাপায় এক সেনাসদস্য নিহত ও অন্যজন সামান্য আহত হন। গত সোমবারের ওই ঘটনার পরদিন দেশটিতে ‘সন্ত্রাসবাদ’ সতর্কতা নিম্ন থেকে ‘মাঝারি’ পর্যায়ে উন্নীত করা হয়েছে। খবর বিবিসির।
কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী স্টিভেন ব্লানি গাড়িচাপা দিয়ে সেনাসদস্য হত্যার ঘটনাকে ‘কানাডার বিরুদ্ধে ভয়াবহ সন্ত্রাসী কাজ’ বলে আখ্যা দিয়েছেন।
জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সন্ত্রাসবাদবিষয়ক সতর্কতা মাঝারি পর্যায়ে উন্নীত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন সতর্কতার মানে হলো, দেশের ভেতর থেকে কিংবা দেশের বাইরে থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কানাডায় যেকোনো সময় সন্ত্রাসী কার্যক্রম ঘটাতে পারে।
কানাডার পুলিশ বলছে, সেনাসদস্যকে গাড়িচাপা দেওয়া ব্যক্তির নাম মাখতা কুতুর ঘুলো। ধর্মান্তরিত হয়ে তিনি মুসলিম হয়েছেন। সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে অনেক আগেই তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছিল। সন্ত্রাসবাদে জড়িত সন্দেহ করে কানাডা পুলিশ যে ৯০ জন ব্যক্তির ওপর নজরদারি করছিল, তাঁদেরই একজন কুতুর ঘুলো। সন্ত্রাসবাদে জড়াতে পারেন এ আশঙ্কায় গত জুলাইয়ে তুরস্ক যাওয়ার সময় তাঁর পাসপোর্ট জব্দ করা হয়।