'সন্ত্রাসী' প্যাঁচা আটক

৫০টিরও বেশি হামলার অভিযোগ তার বিরুদ্ধে। সে অনেককেই করেছে রক্তাক্ত। তার ভয়ে শহরবাসী ছিল রীতিমতো তটস্থ। অবশেষে গতকাল শুক্রবার সে ধরা পড়েছে।
আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, কোনো ডাকাত কিংবা দানব নয়, নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় একটি শহরের এক দুষ্টু প্যাঁচার সত্যিকারের গল্প এটি।
কর্তৃপক্ষের ভাষ্য, অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে আমস্টারডামের উত্তরাঞ্চলের পুরমারেন্ড শহরের অধিবাসীরা প্যাঁচাটিকে ‘সন্ত্রাসী’ উপাধি দেয়। গত এক বছর ধরে প্যাঁচাটি ওই শহরের অধিবাসীদের সন্ত্রস্ত করে রেখেছিল। প্যাঁচার আক্রমণের ভয়ে লোকজন রাতে অস্ত্র ও ছাতা নিয়ে চলাচল করত।
প্যাঁচাটির বিরুদ্ধে মানুষের ওপর ৫০টিরও বেশি আক্রমণের অভিযোগ রয়েছে। প্রতিবারই সে চুপচাপ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে শিকারকে রক্তাক্ত করেছে।
প্যাঁচাটির অত্যাচারে শহরবাসীর জীবন বিষিয়ে উঠেছিল। তাই সেটিকে ধরতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সংরক্ষিত হওয়ায় প্যাঁচাটি ধরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নেয় পুরমারেন্ড সিটি কাউন্সিল।
সিটি কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্যাঁচাটি ভালো আছে। তাকে অস্থায়ীভাবে পর্যাপ্ত সুযোগ-সুবিধাসহ আটকে রাখা হয়েছে। জুতসই স্থায়ী আবাস পাওয়া গেলে তাকে সেখানে স্থানান্তর করা হবে।