'হুট করে' কাউকে দায়ী করছে না রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ হত্যার নেপথ্যে কারা তা এই মুহূর্তেই বলা সম্ভব নয় বলে মনে করছে রুশ কর্তৃপক্ষ। তবে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা তুর্কি ধর্মপ্রচারক ফেতুল্লা গুলেন ও তাঁর অনুসারীদের দায়ী করেছে আঙ্কারা। এদিকে আজ বৃহস্পতিবার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভের শেষকৃত্য হবে বলে জানানো হয়েছে।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, যথাযথ তদন্ত শেষ না করে তড়িঘড়ি করে কোনো উপসংহার টানা উচিত হবে না বলে মনে করেন প্রেসিডেন্ট পুতিন।
রাষ্ট্রদূত কার্লোভের মৃতদেহ মঙ্গলবার রাতে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। আজ তাঁর শেষকৃত্য হবে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ফোনে কথা বলেছেন। ওই সময় তিনি বলেন, তুরস্ক মনে করে হামলার পেছনে গুলেনের অনুসারীরা জড়িত।
আজ কার্লোভের শেষকৃত্য হবে। এতে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবারের বার্ষিক সংবাদ সম্মেলন স্থগিত করেছেন শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
মার্কিন দূতাবাস বন্ধ: রুশ রাষ্ট্রদূত হত্যার পর আঙ্কারার মার্কিন দূতাবাসের প্রধান ফটকের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে মঙ্গলবার আঙ্কারায় মার্কিন দূতাবাস এবং ইস্তাম্বুল ও আদানায় মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়।
এরদোয়ানের নিরাপত্তায় ছিলেন হামলাকারী: রুশ রাষ্ট্রদূতকে হত্যাকারী মেভলুত আতলানতিস ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানের পর তিনি কমপক্ষে আট দফায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তুরস্কের দৈনিক হুরিয়াত এই তথ্য দিয়েছে।